কাতারে বাংলাদেশের পতাকাবাহী একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ মাশহুর উল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয়ে অত্যন্ত উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ অনুষ্ঠান হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও কেজি-১ থেকে একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী, চার হাউজ ও দুই শিফটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৬৯ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দুই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পর্ব শুরু হয় বিকেল সাড়ে ৩টায়। মাগরিবের বিরতির পর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় পর্ব শুরু হয়।
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্কুল গভর্নিং বডির চেয়ারম্যান ও রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান ও তার সহধর্মিনী সাবিহা রহমান। তাদের স্বাগত জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম. আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ চৌধুরী ও গভর্নিং বডির সদস্যরা।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম. আসাদুজ্জামান। গভর্নিং বডির পক্ষ থেকে অতিথির ধন্যবাদ জ্ঞাপন করেন অত্র প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠানের আহবায় ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– দূতাবাসের মিশন উপ-প্রধান মোহাম্মদ ওলিউর রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ, গভর্নিং বডির সদস্যরা, সিআিইপিরা, পিটিএ সদস্যরা, অভিভাবকরা ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা।
সাংস্কৃতিক কমিটির প্রধান জুলফিকার আজাদের তত্ত্বাবধানে আলোচনা পর্ব, পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সাদিয়া সুলতানা, শিক্ষক ও মো. তাফসির উদ্দিন ও ছাত্রছাত্রীরা।
জুলাই যোদ্ধাদের উৎসর্গ করে পরিবেশিত দুই ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাটিকা, আবৃত্তি, গান, ছোটদের নাচ – যা দর্শকনন্দিত হয়।