ইউরোপে এখন দারুণ সামার চলছে। সামার বা গ্রীষ্মকালকে ঘিরে প্রকৃতি সেজেছে বর্ণাঢ্য রূপে। আর মানুষে মেতেছে নানা উৎসব আয়োজনে। সামারের এই সময়ে ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্ক আয়োজন করেছে সামার ফেস্টিভ্যাল ও গ্রিল ফেস্ট।
গত ২৫ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বেলাহয় ইসলামিক কালচারাল সেন্টার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা পরিবার–পরিজন নিয়ে অনন্য এক মিলনমেলায় মেতে ওঠে। ফেস্টিভ্যালে শত শত ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রী, কর্মজীবী, ব্যবসায়ীরা পরিবার–পরিজন নিয়ে অংশ নেন। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও একদিনের জন্য সবাই যেন ফিরে পান একটু বাংলাদেশ।
আয়োজকদের পক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দর্শকদের উৎসাহ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
শুধু খেলাধুলা নয় পাশাপাশি ছিল দেশীয় খাবারের বাহারি আয়োজন। অতিথিদের জন্য পরিবেশন করা হয় চটপটি, ফুচকা, কুলফি আইসক্রিমসহ নানা ধরনের মুখরোচক খাবার। তবে পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বারবিকিউ, যা সবাইকে ব্যাপকভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের চার্জ দ্য অ্যাফেয়ার্স তন্ময় মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের উদ্যোগের ভুয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিশনের উপদেষ্টারা ও কার্যনির্বাহী সদস্যরাও বক্তব্য রাখেন। উপদেষ্টারা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
বক্তৃতায় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের একত্রিত করা এবং নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি উমর ফারুক বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্ক ভবিষ্যতেও আরও বড় পরিসরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তন্ময় মজুমদার। এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্য এবং কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদের অভিমত, এমন আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে। তাই ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।