দেশের দুই দল এবার ফ্রি ফায়ার বিশ্বকাপে

ফ্রি ফায়ারের জাতীয় পর্যায়ের অন্যতম বড় টুর্নামেন্ট ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’ শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্ট্র হ্যাটস এবং রানার্স-আপ হয়েছে টাইটান ইস্পোর্টস ক্লাব। এই দুই দলই আগামী মাসে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইস্পোর্টস বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। টুর্নামেন্ট আয়োজক গ্যারেনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক লাখের বেশি দল অংশ নেয়। একাধিক ধাপ পেরিয়ে ফাইনাল পর্বে জায়গা করে নেয় শীর্ষ ১২টি দল। দুই দিনব্যাপী অনুষ্ঠিত ফাইনালে এলিমিনেশন ও ম্যাচ প্লেসমেন্ট থেকে পাওয়া মোট পয়েন্টের ভিত্তিতে চূড়ান্ত র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

ফাইনালে সেরা পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় স্ট্র হ্যাটস। দলটি পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ টাকা। অন্যদিকে পুরো প্রতিযোগিতাজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে রানার্স-আপ হয় টাইটান ইস্পোর্টস ক্লাব। দলটি পুরস্কার হিসেবে পেয়েছে ১২ লাখ টাকা।

প্রতিযোগিতার শীর্ষ দুটি দল হিসেবে স্ট্র হ্যাটস ও টাইটান ইস্পোর্টস ক্লাব আগামী ১৫ থেকে ১৮ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য ২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নেবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের এই দুই দল। টুর্নামেন্টটির মোট পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার।

আয়োজকদের ভাষ্য, দেশের ইস্পোর্টস খাতের বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় পর্যায়ের এই আসরে নতুন ও পেশাদার—দুই ধরনের খেলোয়াড়েরই ব্যাপক অংশগ্রহণ দেশের গেমিং কমিউনিটির ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গেমারদের পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখছে।