গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
তিনি গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের নেতৃত্ব দেবেন এবং নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন। একইসঙ্গে তিনি বিশ্বমানের কানেক্টিভিটি ও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করবেন।
গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে আল-আমিনের। দীর্ঘ কর্মজীবনে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়ন, পরিচালন কার্যক্রম, প্রকিউরমেন্ট এবং প্রযুক্তিগত রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগের আগে আল-আমিন গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন।
এর আগে তিনি চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের সোর্সিং কৌশল ও প্রকিউরমেন্ট কার্যক্রম পরিচালনা করেন। তাঁর আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতার মধ্যে রয়েছে টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন, যেখানে তিনি দেশটির নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির আওতায় বৃহৎ পরিসরের রূপান্তরমূলক উদ্যোগের নেতৃত্ব দেন। গ্রামীণফোনে তাঁর কর্মজীবনে তিনি হেড অব রিজিওনাল অপারেশনস, হেড অব পার্টনার ম্যানেজমেন্ট এবং হেড অব অপারেশনাল এক্সেলেন্স অ্যান্ড এফিশিয়েন্সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট টিমে আল-আমিনকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া একজন লিডারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। তাঁর নতুন দায়িত্বে আমি তাঁর সার্বিক সাফল্য কামনা করছি এবং তাঁর নেতৃত্বে আমাদের টিম আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমি আশাবাদী।”
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, প্রায় ২৩ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে আমি আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রযুক্তিগত ভিত্তিকে আরও শক্তিশালী করতে, রূপান্তরের গতি ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-প্রস্তুত সংযোগসেবা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ। প্রেস রিলিজ