এআই বিনিয়োগে মেটার বিপুল ব্যয়

এআই খাতে বিপুল বিনিয়োগ এবং ‘মিউজ’ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাফল্য তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের আগে মেটাকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি মেটার ‘মিউজ’ এআই অ্যাসিস্ট্যান্ট ও নতুন এআই মডেলগুলো বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ফলে কোম্পানিটির এআই কৌশল নিয়ে আস্থাও বেড়েছে বলে জানিয়েছেন টেক বিশ্লেষকরা।

বিশ্লেষকদের হিসাবে, সেপ্টেম্বর প্রান্তিকে মেটার মূলধন ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়ে ৪১.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এআই খাতে বাড়তি ব্যয়ের কারণে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির প্রায় ৮.৫২ বিলিয়ন ডলার নগদ ঘাটতি হতে পারে।

তবে এআই খাতে বিপুল ব্যয়ের মধ্যেও মেটার বিজ্ঞাপন ব্যবসা শক্তিশালী থাকার প্রত্যাশা করা হচ্ছে। ওয়াল স্ট্রিটের পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে মেটার আয় ২৩.৮ শতাংশ বেড়ে ৬৩.৪২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, নিট আয় প্রায় ১৭ শতাংশ কমে ১৫.৪৪ বিলিয়ন ডলারে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুগল ও টিকটকের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেই মেটার এই ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। বিনিয়োগকারীদের নজর এখন মূলত বিপুল এআই বিনিয়োগ ভবিষ্যতে কতটা নতুন আয় ও প্রবৃদ্ধি এনে দিতে পারে, সেদিকে।