কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এজেন্টিক প্রযুক্তির প্রভাবে বদলে যাচ্ছে কর্মক্ষেত্র। এর সঙ্গে পরিবর্তন আসছে মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআরের কাজেও। কর্মী নিয়োগ ও প্রশাসনিক দায়িত্বের বাইরে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনায় এইচআরের ভূমিকা কেমন হবে, তা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘এজেন্টিক এইচআর লিডারশিপ কনফারেন্স ২০২৬’।
২৯ নভেম্বর রাজধানীর গুলশানের অপটিমাইজলির কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করে প্রোগ্রামিং হিরো। ‘মানুষ-এআই-এইচআরের নতুন অধ্যায়’ প্রতিপাদ্যের এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল অপটিমাইজলি। আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত সম্মেলনে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ৭০ থেকে ৮০ জন এইচআর পেশাজীবী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ব্র্যাক আইটি, বাংলালিংক, ব্রেইন স্টেশন ২৩ ও কাজ সফটওয়্যারের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, এআইয়ের ব্যবহার বাড়লেও কর্মক্ষেত্রে মানবিক নেতৃত্বের গুরুত্ব কমবে না। বরং প্রযুক্তির সহায়তায় সঠিক কর্মী নির্বাচন, দক্ষতা উন্নয়ন এবং কর্মীদের অভিজ্ঞতা বোঝার ক্ষেত্রে এইচআর বিভাগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য এইচআরকে প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের অংশ হতে হবে।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অপটিমাইজলির গ্লোবাল ডিরেক্টর সাঞ্চিয়া রিয়াজ, ব্র্যাক আইটির প্রধান পিপল অ্যান্ড কালচার কর্মকর্তা শারমিন সুলতান, বাংলালিংকের চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন, রিস্টার্ট ইয়োরসেলফের প্রধান নির্বাহী কর্মকর্তা ও রবি আজিয়াটার মানবসম্পদ বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট জাভেদ পারভেজ এবং প্রোগ্রামিং হিরোর চিফ অপারেটিং অফিসার আবদুর রাকিব।
জাভেদ পারভেজ বলেন, ‘কর্মক্ষেত্রে নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিদের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে কাজ করা কর্মীদের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করতে হবে। অন্যের অবস্থান থেকে পরিস্থিতি উপলব্ধি করতে পারলেই একজন মানুষকে যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব।’
আবদুর রাকিব বলেন, ‘বর্তমান চাকরির বাজারে শুধু অভিজ্ঞতা যথেষ্ট নয়। পেশাজীবীদের নিয়মিত নিজেদের দক্ষতা, চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে হবে।’
সাঞ্চিয়া রিয়াজ বলেন, ‘মানবসম্পদ ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার বাড়লেও মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। অন্যদিকে শারমিন সুলতান বলেন, পরিবর্তিত কর্মসংস্কৃতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পেশাজীবীদের মানসিকতা ও কাজের ধরনেও পরিবর্তন আনতে হবে।’
সম্মেলনে কর্মীদের নতুন দক্ষতায় প্রস্তুত করা, নিয়োগে প্রকৃত যোগ্যতা যাচাই এবং প্রযুক্তির সঙ্গে মানবিক নেতৃত্বের সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।


