বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটে মাইক্রোসফট

বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন পরিষেবার সংযোগ পেতে সমস্যা হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এর বাইরে- ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, প্ল্যানার এবং টু-ডু অ্যাপেও বিভ্রাটের প্রভাব পড়েছে। বিশ্বজুড়ে ভোগান্তিতে পড়েছে ৭৪টি দেশের গ্রাহকরা। 

বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সরকারি সংস্থাগুলো জানিয়েছে, আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না তারা। 

বিভ্রাটের পেছনে কোনো ধরনের ক্ষতিকর বা নাশকতামূলক তৎপরতার তথ্য এখন পর্যন্ত জানতে পারেনি মাইক্রোসফট। তবে পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠিান।