দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের ফোন আনছে ভিভো

স্মার্টফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সারাদিন অনলাইনে থাকার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি। ব্যস্ত কর্মজীবনে চার্জ ফুরিয়ে গেলে কাজের পাশাপাশি বিনোদনেও ছেদ পড়ে। এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ শিগগিরই বাজারে আসছে। দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য তৈরি এই ফোনে থাকছে ৮১০০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি, যা এই সেগমেন্টের অন্যতম বড় ব্যাটারি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিভোর দাবি, বড় ব্যাটারির কারণে ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো কাজ দীর্ঘ সময় ধরে করা যাবে। ফলে দিনের বিভিন্ন সময়ে চার্জ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন কমবে।

ব্যাটারির পাশাপাশি ফোনটিতে থাকছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। উচ্চ রেজল্যুশনের এই পর্দায় ছবি ও ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্ত দেখা যাবে। ফলে সিনেমা দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রলিং কিংবা মোবাইল গেম খেলার অভিজ্ঞতা হবে আরও উপভোগ্য।

বর্তমানে কাজ, যোগাযোগ ও বিনোদনের বড় একটি অংশই স্মার্টফোননির্ভর। তাই ব্যবহারকারীরা এখন শুধু ভালো পারফরম্যান্স নয়, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ডিসপ্লেরও প্রত্যাশা করেন। সেই চাহিদা পূরণে ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনটি বাজারে আনা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিভো জানিয়েছে, নতুন এই স্মার্টফোনের অন্যান্য ফিচার ও বাজারে আসার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।