বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক বিভিন্ন সুবিধা এবং এন্টারপ্রাইজ পর্যায়ের নিরাপত্তা ফিচার তো আছেই।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপটি উন্মোচন করা হয়। আসুস জানিয়েছে, পেশাজীবী, ব্যবসায়িক ব্যবহারকারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় ডিভাইসটি তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, এক্সপার্টবুক আল্ট্রার ওজন প্রায় ০.৯৯ কেজি। এতে রয়েছে উচ্চ-রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে এবং ধাতব কাঠামো। একই সঙ্গে এআই-নির্ভর কম্পিউটিং সুবিধা এবং দীর্ঘ সময় স্থিতিশীল কর্মক্ষমতা বজায় রাখতে তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
নিরাপত্তার জন্য ল্যাপটপটিতে যুক্ত করা হয়েছে আসুস এক্সপার্টগার্ডিয়ানসহ বিভিন্ন এন্টারপ্রাইজ-গ্রেড সুরক্ষা ব্যবস্থা। এসব সুবিধা ডিভাইস, তথ্য ও ফার্মওয়্যার সুরক্ষায় সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের জেনারেল ম্যানেজার রেক্স লি বলেন, আধুনিক পেশাজীবীরা একটি ডিভাইসে কর্মক্ষমতা, বহনযোগ্যতা, ডিজাইন ও নিরাপত্তার সমন্বয় প্রত্যাশা করেন। নতুন ল্যাপটপটি সেই চাহিদার কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে।
বাংলাদেশে আসুস এক্সপার্টবুক আল্ট্রা পাওয়া যাবে ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর কনফিগারেশনে। এর দাম শুরু হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা থেকে। আসুসের অনুমোদিত ব্যবসায়িক ও খুচরা বিক্রয় অংশীদারদের কাছে ল্যাপটপটি পাওয়া যাবে।



