স্মার্টফোনের ডিসপ্লে প্রযুক্তিতে নতুন ধারণা নিয়ে এসেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন প্রজন্মের একটি বেজেলবিহীন কনসেপ্ট ফোন।
স্মার্টফোন নির্মাতারা দীর্ঘদিন ধরেই ডিসপ্লের চারপাশের বর্ডার বা বেজেল কমানোর চেষ্টা করে আসছে। এর লক্ষ্য হলো, ফোনের আকার অপরিবর্তিত রেখে ব্যবহারকারীদের আরও বড় ও আকর্ষণীয় স্ক্রিন অভিজ্ঞতা দেওয়া। টেকনোর নতুন কনসেপ্ট ফোন সেই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এই কনসেপ্ট ডিভাইসে দৃশ্যমান কালো বর্ডার প্রায় সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে তৈরি হয়েছে একটি অল-স্ক্রিন ডিজাইন, যা ভিডিও দেখা, গেম খেলা, ছবি ব্রাউজিং ও কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাকে আরও ইমার্সিভ করে তুলবে।
শুন্য মিলিমিটার বেজেল প্রযুক্তি বাস্তবায়নে ফোনের অভ্যন্তরীণ কাঠামোতেও পরিবর্তন এনেছে টেকনো। উন্নত কম্পোনেন্ট স্ট্যাকিং, নতুন ধরনের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক স্ক্রিন-প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে এই ডিজাইন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাধারণত বড় স্ক্রিন অভিজ্ঞতার জন্য অনেক ফোনে কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়। তবে টেকনোর এই কনসেপ্টে স্ক্রিন বেশি বাঁকানোর পরিবর্তে সরাসরি ডিসপ্লের সীমানা কমিয়ে আনার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যমেও এরই মধ্যে আলোচনায় এসেছে টেকনোর এই কনসেপ্ট ফোন। ডিজিটাল ট্রেন্ডস ফোনটির বেজেলবিহীন ডিজাইনের প্রশংসা করেছে। অন্যদিকে, জিএসএমএরিনা টেকনোর ০ মিমি ডিসপ্লে বেজেলের দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি সেপ্টেম্বর মাসে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ ২০২৬ প্রযুক্তি মেলায় টেকনো কনসেপ্ট ফোনটি প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। সেখানে এর প্রযুক্তিগত দিক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
তবে এটি এখনো বাজারে বিক্রির জন্য উন্মুক্ত কোনো স্মার্টফোন নয়। বরং ভবিষ্যতের স্মার্টফোন ডিজাইন নিয়ে টেকনোর পরিকল্পনা ও সম্ভাবনার একটি প্রদর্শনী।
বিশেষজ্ঞদের মতে, বেজেলবিহীন ডিসপ্লে প্রযুক্তি ভবিষ্যতে স্মার্টফোনের ডিজাইনে বড় পরিবর্তন আনতে পারে। পরিচিত আকারের ডিভাইসেই আরও বড় ভিউইং এরিয়া, উন্নত নকশা এবং আরও ভালো ব্যবহার অভিজ্ঞতা দিতে পারে এই প্রযুক্তি।