ট্রাইনেশন সিরিজ: আজ শ্রীলংকা মুখোমুখি জিম্বাবুয়ে

বাংলাদেশের কাছে বড় হারের হতাশা ভুলতে নামবে জিম্বাবুয়ে। অন্যদিকে নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহার অধিনে প্রথম পরীক্ষায় সাফল্য চায় শ্রীলঙ্কা। ট্রাইনেশন সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা ১২টায়।

দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ভাগ্য পরিবর্তনে গত এক বছর অধিনায়ক বদলে ছেলেখেলা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারপরও আসেনি সাফল্য। ছাটাই করা হয়েছে কোচকেও।
বদলের হাওয়ায় দায়িত্বে চন্ডিকা হাথুরুসিংহা। নেতৃত্বে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। হাথুরুসিংহার ছোঁয়ায় এবার যদি ভাগ্য পরিবর্তন হয়?

প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়ে যত ভাবনা লঙ্কানদের। চৌদ্দ মাস আগে সিরিজ জিতেছিলো শ্রীলঙ্কা। এর মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে ছয়টি।একটিতে ড্র। জয়ের ধারায় ফিরতে জিম্বাবুয়েকে টার্গেট বানাতে চান ম্যাথিউস এন্ড কোং।

শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, কোনো সন্দেহ নেই জয় পেতে আমাদের সেরা খেলাটা দিতে হবে। এবার সেটা দিতে আমরা মুখিয়ে আছি। নতুন কোচকেও আমরা জয় উপহার দিতে চাই। এটা তখনই হবে যখন আমরা পরকিল্পনা অনুযায়ী খেলতে পারবো।

জিম্বাবুয়েকে নিয়ে এখন আর মাতামাতি হয়না। প্রতিপক্ষের কাজটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এবার জিম্বাবুয়েকে গোনায় রাখতে হবে। গত জুনে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছিলো গ্রায়েম ক্রেমারের দল।

জিম্বাবুয়ে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা, বাংলাদেশের বিপক্ষে আমরা খুব বাজে খেলেছি। তবে আমরা ঘুরে দাড়াতে জানি। ক'দিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। সুতরাং তাদেরকে হারানো অসম্ভব নয়।

দুই দলের ৫৫ লড়াইয়ে ৪৩ বার জিতেছে শ্রীলঙ্কা। পরিসংখ্যানে লঙ্কানরা ফেভারিট হলেও সাম্প্রতিক পারফর্মেন্সে এগিয়ে রাখতে হচ্ছে জিম্বাবুয়েকে। ম্যাথিউস-হাথুরুসিংহা কী পারবেন লঙ্কানদের সুসময়ে ফেরাতে?