শীতকালীন অলিম্পিকে এক পতাকায় মার্চ করবে দুই কোরিয়া

শীতকালীন অলিম্পিকে এক পতাকা নিয়ে মার্চ করবেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটরা। আসরে একক নারী আইস হকি দলও গঠন করবে দুই দেশ। সীমান্তের ঐতিহাসিক পানমুনজম গ্রামে দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় এই সমঝোতা হয়েছে।

সমঝোতার ফলে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে উত্তর কোরিয়ার চারশর বেশি অ্যাথিলিট ও শিল্পীর বহর দক্ষিণ কোরিয়ায় যাবে। তবে চূড়ান্তভাবে এটি নির্ভর করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমোদনের ওপর। সুইজারল্যান্ডে শনিবার এ বিষয়ে বৈঠকে বসছে অলিম্পিক কমিটি।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাথলিটদের নাম নিবন্ধনে ব্যর্থ হয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে ৯ ফেব্রুয়ারি শুরু শীতকালীন অলিম্পিক, শেষ ২৭ ফেব্রুয়ারি।