রাশিয়া বিশ্বকাপে পঙ্গপালের হুমকি উড়িয়ে দিয়েছে আয়োজকরা

জুনে বিশ্বকাপ ফুটবলের আঠারোতম আসর বসছে রাশিয়ায়। সব ভেন্যুর প্রস্তুতি পরিদর্শন করে ফিফা কর্তারা জানিয়েছেন সন্তুষ্টির কথাও। তবে ভোলগোগ্রাদে পঙ্গপালের আক্রমণের শঙ্কা জানিয়েছে রুশ কৃষি বিভাগ। তবে এই শঙ্কা উড়িয়ে দিয়েছে আয়োজকরা।

১৪ জুন মস্কোয় লুঝনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। এক মাস পর এ স্টেডিয়ামেই সমাপ্তি আসরের। তাই লুঝনিকির ব্যবস্থাপনায় কোন ত্রুটি রাখতে চায় না রাশিয়া।

১১টি শহরের মোট ১২টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। লুঝনিকি মুগ্ধ করেছে ফিফা কর্তাদের। অন্য স্টেডিয়ামগুলোর ব্যবস্থাপনাতেও সন্তুষ্ট তারা।

ফিফার ডিরেক্টর অফ কম্পিটিশনস কলিন স্মিথ বলেন," কি দারুণ একটা স্টেডিয়াম লুঝনিকি! বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য এমন স্টেডিয়ামই প্রয়োজন। এখানে কনফেডারেশনস কাপের ম্যাচ হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে আরও কিছু উন্নয়ন চলছে"।

গত বছর বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছিল আইএস। এবারে নতুন চ্যালেঞ্জের মুখে বিশ্বকাপ। বিশ্বকাপের মাঠগুলোয় পঙ্গপালের হামলার ঝুঁকি দেখছেন রুশ কৃষি কর্মকর্তারা। যদিও এসবে পাত্তা দিতে নারাজ আয়োজকরা।

লোকাল অরগানাইজিং কমিটির সিইও অ্যালেক্সে সোরোকিন বলেন," ফিফার প্রশংসায় আমরা উচ্ছ্বসিত, বিশ্বকাপে পঙ্গপালের হুমকি নিয়ে ভাবছি না। টুর্নামেন্ট আয়োজনে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। পঙ্গপাল ঠেকাতে নিয়মিত স্প্রে করা হচ্ছে"।

ব্যয়বহুল আয়োজনে বাজেটের ৩৮ ভাগ খরচ হচ্ছে স্টেডিয়াম নির্মাণ, সংস্কার আর অবকাঠামো উন্নয়নে। ফিফার নির্দেশনা অনুসারে আয়োজনে চমক দেখাতে চায় রাশিয়া।

/আর-এম/