বিসিবিকে নতুনদের পরীক্ষা বন্ধের তাগিদ সাবেকদের

২০১৯ বিশ্বকাপের আগে নতুনদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধের পরামর্শ সাবেকদের। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে সবাইকে অভ্যস্ত করতে এখন থেকেই পরিকল্পনার তাগিদ দিলেন বোর্ডকে। শ্রীলঙ্কা সিরিজে একঝাঁক তরুণের অভিষেক পছন্দ হয়নি তাদের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেয়ার আগে সবাইকে আরও ঝালিয়ে নিতে বলছেন সাবেকরা।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল বিশ্বমঞ্চে বাংলাদেশ জানান দিয়েছিলো এই ফরম্যাটে শক্তিশালী হয়ে উঠছে তারা।

সাউথ আফ্রিকা আর ট্রাইনেশনের ফলাফলের পর দুশ্চিন্তা বাড়ছে। তবে কি উল্টো পথে হাঁটছে টাইগার ক্রিকেট।

মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এই পঞ্চপান্ডবের উপরই নির্ভর করে টাইগারদের সাফল্য। এদের মধ্যে কেউ ইনজুরিতে পড়লে কি হয় তা শ্রীলঙ্কার বিপক্ষেই দেখা গেছে। ওদের বিকল্প খুঁজে বের করার চ্যালেঞ্জ বোর্ডের সামনে। নতুনদের পরিণত করতে তাই শুধু ঘরোয়া ক্রিকেট নয় ভিন্ন কন্ডিশনে খেলানোর পরামর্শ সাবেকদের।

একজন দক্ষ কোচ আধুনিক ক্রিকেটে কতোটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ শ্রীলঙ্কা সিরিজে পেয়েছে বাংলাদেশ। হাথুরু চলে যাওয়ায় ইংল্যান্ড বিশ্বকাপ পরিকল্পনা ছেদ পড়েছে।

দ্রুত সময়ে কোচ পাওয়া না গেলে ইংল্যান্ডে তার মাসুল দিতে হবে বলছেন বিশ্লেষকরা। এছাড়াও ওই কন্ডিশনের জন্য পেইসারদের বাড়তি যত্ন নেয়ার তাগিদ তাদের।

ইংল্যান্ড বিশ্বকাপ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ কঠিন কন্ডিশনে বড় মঞ্চে প্রমাণ করতে হবে অনেক কিছু। আর তাই এখন থেকেই নিতে হবে সঠিক পরিকল্পনা। নইলে বড় ধরনের বিপর্যয়ে পড়তে হবে বাংলাদেশকে।