স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে কেপ ভার্দের চমক

ফিফা বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়ে নবাগত কেপ ভার্দের চমক। আফ্রিকান দেশটির গোলকিপার ভজিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ গোলশূন্য ড্র। অন্যদিকে, ১-১ সমতায় শেষ হয়েছে বেলজিয়াম-মিশর লড়াই।

স্পেনের তারকা দ্যুতি ম্লান কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভজিনিয়ার কাছে। তার দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ অভিষেক ম্যাচে স্প্যানিশদের রুখে দিয়ে আফ্রিকান দলটির ইতিহাস।

ইয়ামালকে ছাড়াই লড়াইয়ে নামে স্পেন। রদ্রি, পেদ্রির মতো তারকা থাকার পরও প্রথমার্ধে প্রত্যাশিত গোলও পায়নি। ৩৯ মিনিটে ফেরান তোরেসের শট লাগে বারে। ফিরতি বলে ওইয়ারসাবালের হেডার ফিরিয়ে দেন ভজিনিয়া।

প্রথমার্ধের শেষ দিকে ভজিনিয়ার আরও দুটি দুর্দান্ত সেইভ। স্প্যানিশ শিবিরে হতাশা। বিরতি থেকে ফিরে আক্রমনে ধার বাড়ায় লা রোহা। ৭১ মিনিটে বদলি হিসেবে নামেন ইয়ামাল। কিন্তু তার ম্যাজিক দেখা যায়নি। বিশ্বকাপ অভিষেক ম্যাচে ব্যর্থ বার্সা তারকা।

পাঁচজনের ব্যাকলাইন, মাঝে মাঝে ছয়জন। তারপরও ২৭ বার আক্রমণ চালায় স্পেন। টার্গেটে সাতটি, কিন্তু কিপার ভজিনিয়াকে পরাস্ত করা হয়নি। অভিষেকেই ম্যাচ সেরা। ইন্সটাগ্রামে তার ফলোয়ার ছিল হাজার খানেক। এখন সেটা কয়েক মিলিয়ন।

সংখ্যার বিচারে দ্বিতীয় সর্বনিম্ন, মাত্র ছয় লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। বিশ্ব আসরে সুযোগ পেয়ে উৎসবে মেতেছিল। সাবেক চ্যাম্পিয়নদের রুখে দিয়ে সে আনন্দ বেড়েছে বহুগুণ। এই ড্র যে জয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

ড্র হয়েছে বেলজিয়াম-মিশর ম্যাচ। ১৯ মিনিটে আশুরের গোলে মিশরের লিড। ৫৩ মিনিটে ডি ব্রুইনার শট পোস্টে লাগলে হতাশ হতে হয় রেড ডেভিসের। কিন্তু ১৩ মিনিট পরই হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু-দলকে।