নেইমারকে নিয়ে শঙ্কা বাড়ছে, গ্রুপ পর্বে খেলা অনিশ্চিত

নেইমারকে নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি প্রথম ম্যাচে। চোট সারিয়ে ব্রাজিলের হয়ে কবে মাঠে নামতে পারবেন, তা-ও অনিশ্চিত।

একাধিক সংবাদমাধ্যম বলছে, মনে করা হচ্ছে, নেইমারকে গোটা গ্রুপ পর্বেই পাবেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সোমবার নেইমারের কাফ মাসলের চোটের পরীক্ষা করানো হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন পরীক্ষার ফল নিয়ে মুখ খোলেনি। তবে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনে এখনও সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছে না ৩৪ বছরের ফুটবলারকে। ব্রাজিলের মেডিকেল স্টাফেরা নেইমারের পরিস্থিতির উপর নজর রাখছেন। তাঁরা ঝুঁকি নিতে চাইছেন না। তেমন মনে করলে তাঁকে গোটা গ্রুপ পর্বেই খেলানো হবে না।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পান নেইমার। তাঁর ‘গ্রেড টু’ চোট লেগেছে। তা-ও অভিজ্ঞতার কথা ভেবে তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন আনচেলোত্তি।

ব্রাজিলিয়ান তারকা এখনও পুরো দমে অনুশীলন করতে পারছেন না। জিম করার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে চিকিৎসকদের। ধীরে ধীরে উন্নতি করছেন। অনুশীলনে স্বচ্ছন্দে পুরো ৯০ মিনিট খেলতে পারলে তবেই নেইমারকে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল শিবির। তাঁকে মূলত নকআউট পর্বের জন্যই ভাবা হচ্ছে।

আগামী শুক্রবার ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ২৪ জুন খেলতে হবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। কোনও দলই খুব কঠিন প্রতিপক্ষ নয়। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পরও তাই কিছুটা স্বস্তিতে ব্রাজিল শিবির। এই দুই ম্যাচের পরিকল্পনাতেই নেইমারকে রাখেননি আনচেলোত্তি।