জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
বিদায়ী ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাইতে তিন ছেলেকে নিয়ে মাঠে প্রবেশ করেন মহাতারকা। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। কিক-অফের আগে মাঠ কর্মীরা আর্জেন্টিনার একটি সুবিশাল ১০ নম্বর জার্সি মাঠে বিছিয়ে দেন। সেই জার্সিতে মেসির নামের জায়গায় লেখা ছিল ‘গ্রেসিয়াস’। অর্থাৎ ধন্যবাদ।
প্রথমার্ধে মোট ৬ বার বেনিনের বক্সে বল টাচ করেন মেসি। নিয়েছেন সর্বোচ্চ ৪টি শট। তবে গোলের দেখা পাননি। অবশ্য অপেক্ষা দীর্ঘ হয়নি। বিরতির পরপরই মেসির কর্ণার কিক থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এই গোলেও মেসির অ্যাসিস্ট। এরপর মেসি গোল করে নিজের বিদায়ী ম্যাচ রাঙান।
আর্জেন্টিনার জার্সিতে শেষবার মেসিকে দেখতে গ্যালারিতে ছিল তার পুরো পরিবার। স্ত্রী রোকুজ্জে, তিন ছেলে থিয়াগো, মাতেও, সিরো, মা সেলিয়া, সঙ্গে ভাই-বোনরাও ছিলেন।