টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া যেন অভ্যাসে পরিণত করেছেন হাসান মাহমুদ। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতে ৫ উইকেট পেয়েছেন আগেই। শুধু ঘরের মাঠেই ছিল অপ্রাপ্তি। এবার সিলেটে সেই আক্ষেপের অবসান ঘটালেন হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক বোলিং স্পেল করেছেন এই ডানহাতি। একাই নিয়েছেন ৬ উইকেট। সেই সঙ্গে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ইনিংসে ৫ উইকেটও এখন তাঁর।
এমন অর্জনের পর দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের অনুভূতি জানিয়েছেন হাসান। ডানহাতি এই পেসার বলেন, ‘দেশের মাটিতে ৫ উইকেট পাওয়াটা সব সময় আমার জন্য খুব স্পেশাল। যেহেতু নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, তাই এটা (করতে পারাটা) অনেক আনন্দের।’
নিজের মাঠে ৫ উইকেট নিয়ে আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন হাসান। টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচবার ভিন্ন ভিন্ন দেশে ইনিংসে ৫ উইকেট পাওয়ার কীর্তি এত দিন ছিল অস্ট্রেলিয়ার নাথান লায়নের। এবার সেই লিস্টে নিজের নাম যোগ করেছেন হাসান।
ভিন্ন কন্ডিশনে ধারাবাহিক সফলতার কারণ জানিয়ে হাসান বলেন, ‘আমি বিষয়গুলো খুব সহজভাবে দেখি। সামনে আরও বড় কিছু অর্জনের চেষ্টা করে যাব। যত দিন টেস্ট ক্রিকেট খেলব, তত দিনই চেষ্টা থাকবে আরও ভালো করার। ৫ উইকেট পাওয়া সব সময়ই বিশেষ কিছু। ভবিষ্যতেও এমন অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাব।’
হাসানের অর্জনের দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে হতাশ করেছে। সাদমান ইসলাম ইনজুরির কারণে না নামার ওপেনিং করেন স্পিনার নাঈম হাসান। দ্রুত ৩ উইকেট হারালেও দিন শেষে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
আলোক স্বল্পতায় প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের খেলা দ্রুত শেষ হয়েছে। দিন বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। ক্যারবিয়ানদের থেকে এখনো স্বাগতিকরা পিছিয়ে ২৬৮ রানে।