ফুটসাল ৭ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ

রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে রিয়েল মাদ্রিদ। গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। সেখানে ২-০ গোলে জয় পায় রিয়েল মাদ্রিদ।

ফাইনালে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রিয়েল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ফাইনাল’। একই সঙ্গে তিনি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘বেস্ট গোলকিপার’ পুরস্কারও জেতেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন আর্সেনালের মাশফিক ও চেলসির সোহেল জামান। বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু। একই দলের মতিউর পেয়েছেন বেস্ট মিডফিল্ডারের পুরস্কার।

৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ। দিনব্যাপী এ আয়োজনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল।

আয়োজকদের ভাষ্য, এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।