এশিয়ান গেমসকে সামনে রেখে কাবাডি দলের প্রস্তুতি

দুই আসরের আক্ষেপ ঘুচিয়ে এশিয়ান গেমসে পদক জিততে চায় কাবাডি দল। ফেডারেশনের উদ্যোগে এবারই হচ্ছে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ক্যাম্প। প্রথমবারের মত দলে যোগ দিয়েছে ফিজিও আর ট্রেইনার। আগষ্টে শুরু হবে এশিয়ান গেমসের ১৮তম আসর।

১৯৯০ সালে জায়গা মিলেছিল এশিয়ান গেমসে। এরপর ২০০২ সাল পর্যন্ত কোন না কোন পদক জিতেছে বাংলাদেশ কাবাডি দল। হঠাৎ-ই ছন্দপতন বাংলাদেশের। দেশের মাটিতে সাফল্যে মিললেও, ব্যর্থ আন্তর্জাতিক আসরে।

সবশেষ কাডাডি বিশ্বকাপে তৃতীয় থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তাইতো অগাস্টে এশিয়ান গেমসকে সামনে রেখে প্রথমবারের মত দীর্ঘ ক্যাম্প শুরু করে দিয়েছে কাবাডি খেলোয়াড়েরা। ৪০ জনের প্রাথমিক ক্যাম্প শেষে ৩০ জনের জায়গা মিলেছে দীর্ঘমেয়াদি ক্যাম্পে।

ব্রোঞ্জ কিংবা রোপ্য নয় ছিনিয়ে আনতে চান স্বর্ণ। শেষ দুই আসরের পদক শূন্যতা পূর্ণ করতে চান লাল-সবুজরা। এতকিছুর পরও আক্ষেপ থেকেই যায়। জাতীয় খেলা হওয়া স্বত্বেও এখন পর্যন্ত কাবাডির কোন লিগ চালু করতে পারেনি ফেডারেশন।

এত আক্ষেপ হতাশা ছাড়িয়ে কাবাডি খেলোয়াড়দের স্বপ্ন এখন একটাই, এশিয়ান গেমসে নিজেদের হারানো পদক ফিরিয়ে আনা।


/এম-আই/