ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ৩১ সদস্যের দলে নতুন মুখ পেইসার ইয়াসিন আরাফাত। জায়গা ধরে রেখেছেন আব্দুর রাজ্জাক। ডাক পেয়েছেন সাদমান ইসলাম। ফেরানো হয়েছে মোসাদ্দেক সৈকতকে। আর চোটের কারণে বাদ পড়েছেন নাসির হোসেন।

সাকিবের চোটে ডাক পেয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজে। চার বছর পর প্রত্যাবর্তনে খারাপ করেননি রাজ্জাক। তাতে অবশ্য নিয়মিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়নি। ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করে চলেছেন। বিসিএলের পারফর্মেন্সে এই বাঁ হাতিকে দলে রাখতে বাধ্য নির্বাচকেরা।

রাজ্জাকের অন্তর্ভূক্তি প্রত্যাশিত। আরেক বাঁ হাতি সানজামুল বাদ পড়েছেন। রঙিন পোশাকে নাজমুল অপু এখন নিয়মিত। ডাকা হয়েছে যুব দলের নাঈম হাসানকে।

দলে বড় চমক, ইয়াসিন আরাফাত। ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৮ উইকেট নিয়ে হইচই ফেলেছিলেন। বিসিএলেও প্রতিভার সাক্ষর রেখেছেন ছয় ফুট এক ইঞ্চির ইয়াসিন। পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে ইয়াং পেইস সেনসেশন।

উইন্ডিজ কন্ডিশন বিবেচনায় তিন ফর‍ম্যাটের জন্য রাখা হয়েছে ১১ পেইসার। ডাক পেয়েছেন শফিউল ইসলাম, কামরুল রাব্বি ও আবু হাসান রাজু। খরুচে বোলিংয়ে আস্থা হারিয়েছেন সাইফউদ্দীন।

ঘরোয়া লিগে ধারাবাহিক নাজমুল হোসেন শান্ত আছেন স্কোয়াডে। নির্বাচকেরা ডেকেছেন সাদমান ইসলামকে। শ্রীলঙ্কা সিরিজে না থাকা মোসাদ্দেক সৈকতকে ফেরানো হয়েছে।

১৩ মে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিলাভারায়েনের কাছে রিপোর্ট করবেন ক্রিকেটাররা। এখনও চূড়ান্ত হয়নি উইন্ডিজ সফরের সূচি। তবে দুটি টেস্ট, তিনটি ওডিআই ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের।

/এম-আই/