আর্চারির কম্পাউন্ড এককে স্বর্ণ জয় রোকসানা ও অসীমের

ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। গতবার জিতেছিল ছয় স্বর্ণ, এবার একটা কম নিয়ে চ্যাম্পিয়ন স্বাগতিকেরা। কম্পাউন্ডে চারটি ও রিকার্ভে এসেছে একটি স্বর্ণপদক। এছাড়াও ৫টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ জিতেছে স্বাগতিকরা। এক স্বর্ণসহ চারটি পদক নিয়ে ইরাক হয়েছে দ্বিতীয়।

দুপুরের পর হঠাৎ দমকা হাওয়ায় উড়ে গেল বোর্ড ব্যানারগুলো। সেই সাথে বিউটি-শাপলাদের আত্মবিশ্বাসটাও। আজারবাইজানের কাছে হেরে শিরোপা স্বপ্ন ওখানেই শেষ।

তবে হতাশ করেননি রোমান-তামিমুল-সজিব। নেপালকে ৫-১ সেটে হারিয়ে রিকার্ভ ইভেন্টে একমাত্র স্বর্ণ আসে বাংলাদেশের। নারী এককে আগেই ছিটকে গিয়েছিল লাল সবুজরা। শেষ মুহুর্তে হতাশ করেছেন রোমান সানাও। ফাইনালে সৌদি আরবের বিনালী আবদলেলাহর কাছে হেরে যান রোমান।

বাংলাদেশের কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, পাঁচটি স্বর্ণ মোটেও খারাপ না। তবে আমি রিকার্ভ ইভেন্টের খেলোয়াড়দের পারফরমেন্সে খানিকটা হতাশ। ফাইনালে এসে হয়তো কিছুটা ঘাবড়ে গিয়েছিল ওরা।

নারী কম্পাউন্ড এককে ইরাকের বিশ্ব চ্যাম্পিয়ন ফাতিমাকে হারিয়ে চমক দেখিয়েছেন রোকসানা। পিছিয়ে পরার পর শেষ দুই পর্বে দারুণভাবে ফিরে স্বর্ণ জিতেছেন। ১৩৬-১৩৩ ব্যবধানে জয় পান রোকসানা। পুরুষ কম্পাউন্ডে স্বর্ণ ও রৌপ্য স্বাগতিকদের ঝুলিতে। অল বাংলাদেশি ফাইনালে মামুনকে হারিয়েছেন অসীম। কম্পাউন্ডে দলগত পুরুষ ও নারী দুই ইভেন্টেই স্বর্ণ স্বাগতিকদের।

ইসলামিক সলিডারিটির প্রথম আসরে ৬টি স্বর্ণ পেয়েছিল বাংলাদেশ। এবারে সেই সংখ্যা কমলেও সন্তুষ্ট ফেডারেশন কর্তারা।

/এইচ.এ/