গ্রুপ সি তে আজ মুখোমুখি হবে ফ্রান্স-অস্ট্রেলিয়া

ফুটবল বিশ্বে একছত্র আধিপত্য চলছে ইউরোপিয়ানদের। সি গ্রুপের প্রথম ম্যাচে ইউরোপীয় ফুটবল শক্তির মুখোমুখি হচ্ছে ওশেনিয়া অঞ্চল। তারুণ্যের গতি আর ছন্দে ভরপুর দল ফ্রান্স। অন্যদিকে ইউরোপিয়ানদের বিপক্ষে নিজেদের সেরাটা প্রস্তুত অস্ট্রেলিয়া। কাজান অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

বিশ্ব মঞ্চে ফ্রান্সের আবির্ভাব ৯৮ বিশ্বকাপে। দুর্দান্ত দাপটে ঘরের আসরে সবাইকে চমকে শিরোপা জেতে দ্য ব্লুজ। এরপর সময় গেছে কিন্তু সেরাদের মঞ্চে পারফর্ম করতে পারেনি ফ্রান্স।

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বাধা পেরুতে পারেনি। সেবার প্রত্যাশা মেটাতে পারেননি দিদিয়ের দেশম। এবারও দলটার ডাগআউটে থাকবেন এই মাস্টারমাইন্ড। তরুণ, তবে এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় আছে তুণে।
৯৮ চ্যাম্পিয়নদের ফ্রন্ট লাইন বেশ সমৃদ্ধ। এমবাপে, ডেম্বেলে, গ্রিজম্যান শিরোপা জয়ে স্বপ্ন দেখাচ্ছেন। এছাড়া পগবা, ভারানের মত ফুটবলারও প্রতিপক্ষের শক্ত পরীক্ষা নেবেন।

ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে বলেন, ইউরোর পর থেকে দুর্দান্ত ফর্মে গ্রিজম্যান। আপনি যখন নিজের দেশে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করেন, তখন প্রমাণের আর কিছু বাকি থাকে না। গোলের পর গোল করে সে দেখিয়েছে কতটা অসাধারণ খেলোয়াড়।

আন্ডারডগের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের টিকিট পেতে কাঠখড় পোড়াতে হয়েছে ডাউন আন্ডারের দলটিকে। বাছাইপর্বে সৌদি আরব থেকে পিছিয়ে থেকে তিনে ছিল অস্ট্রেলিয়া। পরে সিরিয়া ও হন্ডুরাসের বিপক্ষে এশিয়ান প্লে-অফে খেলে রাশিয়ায় পা রাখে সকারুরা।

টিম কেহিলের মতো অভিজ্ঞ ফরোয়ার্ড দলে থাকলেও ভরসা রাখা যাচ্ছে না অন্যদের ওপর। দারুণ একটা রেকর্ডের সামনে কেহিল। এবারের আসরে গোল পেলে চতুর্থ ফুটবলার হিসেবে পরপর চার বিশ্বকাপে গোলের কীর্তি গড়বেন তিনি।

অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড টিম কেহিল বলেন, আমাদের গ্রুপে ফ্রান্স, পেরু ও ডেনমার্কের মতো দল রয়েছে। তারপরও আমরা স্বপ্ন দেখতেই পারি। প্রতিপক্ষ যত কঠিনই হোক না কেন, আমি বিশ্বাস করি, নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে, ম্যাচ ফলাফল আমাদের হবেই।

চারবার মুখোমুখি হয়েছিল দুদল। দুটিতে জয় ফ্রান্সের, একটিতে অস্ট্রেলিয়া। ড্র হয়েছিলো একটি ম্যাচ।

/এইচ.এ/