শিরোপা জয়ের স্বপ্ন গ্রুপ পর্বেই থেমে গেল জার্মানির

টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন গ্রুপ পর্বেই থেমে গেছে। দক্ষিণ কোরিয়ার কাছে জার্মানির এমন হারকে লজ্জাজনক বলছেন কোচ ওয়াকিম লোভ। দায়টাও নিচ্ছেন নিজ কাঁধেই। জার্মানির দায়িত্বে থাকবেন কিনা সে সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি এখনো বলেছেন ওয়াকিম লোভ।

পুঁচকে দক্ষিণ কোরিয়ার কাছে পা ফসকাবে জার্মানি কে ভেবেছিলো? গত ৮০ বছরে যা দেখেনি বিশ্ব সেটাই হয়েছে এবার। গ্রুপ পর্ব থেকেই বিদায় ওজিলদের।

আসর শুরু ফেবারিটের তকমা নিয়েই। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের এবার জুটেছে বাজে পারফরমেন্সের লজ্জা।

তবুও কি দায়িত্বে থেকে যাবেন লোভ। প্রশ্ন উঠছে এখন। গত মে'তেই করেছিলেন আরও চার বছরের চুক্তি। বিশ্বকাপ ট্র্যাজেডির পর তাকে কি আর দেখা যাবে জার্মানি ডাগ আউটে?

জার্মানির কোচ ওয়াকিম লোভ বলেন, এটা বলা এখন কঠিন। বিষয়টি নিয়ে ভাবতে চাই আরও কিছু সময় প্রয়োজন। আমি সত্যি হতাশ। এ মুহূর্তে কিছুই ভাবতে পারছি না। এখন কিছু বলার মতো পরিস্থিতি নেই আমার।

২০০৬ সালে লোভ দায়িত্ব নেয়ার পর কোনও মেজর টুর্নামেন্টে সেমির আগে বিদায় নেয়নি জার্মানরা। রাশিয়ায় এমন ব্যর্থতার পর ওসব নিয়ে আর কেই বা ভাবছে।

জার্মানির কোচ ওয়াকিম লোভ বলেন, প্রস্তুতি ভালোই ছিলো। কিন্তু আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। ব্যর্থতার দায় মেনে নিতে হবে। এটা খুব দুঃখজনক। ২০০৬ এর পর থেকে আমরা অনেক ধারাবাহিক ছিলাম। কিন্তু এবার যা হয়েছে তা হতাশার। এজন্য আমাদের ক্ষমা চাইতে হবে।

বিশ্বকাপে আগে কোনো এশীয় প্রতিপক্ষ হারাতে পারেনি জার্মানিকে। দারুণ জয়ের তৃপ্তি আছে দক্ষিণ কোরিয়ার। তবে দেশে ফেরার পথে কোরিয়া কোচ শিন তাই ইয়াংয়ের অতৃপ্তি- শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারার।