সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঠের দুর্বল পারফরম্যান্স, মাঠের বাইরেও পুরোনো বিতর্কে নতুন কোরে সমালোচিত হয়েছেন সিআর সেভেন। চ্যাম্পিয়নস লিগে লাল কার্ড পাওয়ার হতাশা ভোলার আগেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নেভাদার এক শিক্ষিকা। রোনালদোকে নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নতুন দল ইয়ুভেন্তাস, কমেছে ক্লাবটির শেয়ারের দাম।
রিয়াল মাদ্রিদের সাথে এক দশকের সম্পর্ক ছিন্ন করে, কিছুদিন আগেই ইতালিতে পাড়ি জমিয়েছেন রোনালদো। নতুন ক্লাবে নতুনভাবে শুরুর আগেই অবশ্য নানা ঝামেলায় জড়িয়ে গেছেন এই ৫ বারের ব্যালন ডি'অর জয়ী। ইয়ুভেন্তাসের হয়ে খেলা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই বিতর্কিত লাল কার্ডের শিকার হওয়ার পর তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ।
ক্যাথরিন মায়োরগা নামে যুক্তরাষ্ট্রের নেভাদার এক শিক্ষিকা এই অভিযোগ তুলে বলছেন, ২০০৯ সালে লাস ভেগাসের একটি নাইট ক্লাবে রোনালদোর সাথে তার পরিচয় হয়। এর অল্প কিছুদিন পর সেখানকার একটি রিসোর্টে তাকে নির্যাতন করেন রোনালদো। অবশ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন রোনালদো।
দলের সেরা তারকাকে নিয়ে বিতর্কের ছাপ পড়েছে শেয়ার বাজারে ইয়ুভেন্তাসের অবস্থানেও। এরই মধ্যে শেয়ারের দাম কমেছে প্রায় ১০ শতাংশ। তবে, দু:সময়ে রোনালদোর পাশেই দাঁড়াচ্ছে ইয়ুভেন্তাস। রোনালদোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ নিয়ে তারা চিন্তিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ করা জার্মান ম্যাগাজিন স্পিগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন সিআর-সেভেনের আইনজীবী।
/এমআর/