পৃষ্ঠপোষকতা পেলে এশিয়ান গেমসে স্নুকারে পদক জয়ের আশা

ফেডারেশন পুরনো হলেও বাংলাদেশে এখনও জনপ্রিয়তা পায়নি স্নুকার। বছরে একবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মধ্যেই সীমাবদ্ধ এই খেলাটি। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে পদক জয়ের আশা খেলোয়াড়দের। বৃহস্পতিবার তৃতীয় ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

১০০ বছরের পুরোনো টেবিল। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির আমলের এই টেবিলেই চলছে ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।

বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের আওতাধীন ৩০টি ক্লাব থাকলেও এবার অংশ নিয়েছে ১৭টি। ঢাকা ছাড়াও অংশ নিয়েছে দেশের বিভিন্ন ক্লাব। সোশ্যাল ক্লাবগুলোর পাশাপাশি প্রাইভেট ক্লাবগুলো অংশ নেয়ায় খুশি ক্লাব কর্তারা।

আগের দুই আসর হয়েছে চট্টগ্রামে। কাজের ফাঁকে খেলায় অনেকেই সময় পাননা নিয়মিত অনুশীলনের। এশিয়ান গেমসের পুলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছালেও স্নুকারে এখনও আন্তর্জাতিক পর্যায়ে খেলা হয়নি কোন খেলোয়াড়ের।

ফেডারেশন হয়েছে প্রায় ৩২ বছর। তবে এখনো কোন নির্দিষ্ট বা অনুশীলনের ভেন্যু হয়নি। সম্ভব হয়নি নিয়মিত টুর্নামেন্ট আয়োজনেরও।

/এমবি/