মাশরাফী উইন্ডিজ সিরিজে খেলবেন: বিসিবি সভাপতি

জাতীয় নির্বাচনে ব্যস্ত থাকবেন মাশরাফী, তবে উইন্ডিজ সিরিজে সব ওয়ানডেতে অধিনায়ককে পাওয়া যাবে বিশ্বাস নাজমুল হাসান পাপনের। বিসিবি সভাপতি আশ্বাস্ত করছেন, বিশ্বকাপের আগে সব সিরিজেই খেলবেন মাশরাফী। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাপন। সামনের করণীয় সম্পর্কে ধারণা দিয়েছেন।

বিমানবন্দরে বিসিবি কর্মকর্তা, ক্রিকেট ভক্তদের ভিড়, মনে হতে পারে কোনও ট্রফি জিতে দেশে ফিরছে টাইগাররা। কিন্তু সব আয়োজন নাজমুল হাসান পাপনের জন্য, বিসিবি সভাপতি এখন যে দায়িত্ব সামলাবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের।

নুতন দায়িত্ব পেয়েছেন, কিন্তু এ সবের মাঝেও ঘুরেফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। ওয়ানডে সিরিজে মাশরাফী খেলবেন কিনা সেই প্রশ্ন পাপনের কাছে। নড়াইল থেকে প্রার্থী হিসেবে টাইগার অধিনায়ককে চূড়ান্ত করেছে আওয়ামী লিগ। বোর্ড সভাপতির বিশ্বাস, সব ম্যাচেই পাওয়া যাবে মাশরাফীকে।

চুতর্থ বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন পাপন। তবে এবারে প্রেক্ষাপটটা ভিন্ন। অন্যান্যবারের তুলনায় এবারে বিসিবি সভাপতির কাছে প্রত্যাশাটা বেশি। বাংলাদেশ ক্রিকেটে পারফরমেন্সই এর কারণ বলছেন পাপন।

প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে ক্রিকেটকে আরও জনপ্রিয় করার লক্ষ্য পাপনের, এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করতেও কাজ করবে এসিসি।

/এম-আই/