বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ টেস্ট সিরিজ শুরু কাল

চারমাসের ব্যবধানে আবারও ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ। এবার ঘরের মাঠে ক্যারিবিয়দের মোকাবিলা করবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামবেন মুশফিক-মিরাজরা। ভালো কিছুর আশা দেখছেন অধিনায়ক, সাকিব। অন্যদিকে, টাইগার স্পিনারদের সামলাতে প্রস্তুত সফরকারীরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।

এক ফ্রেমে সাকিব আল হাসান আর সাদমান ইসলাম। একজন প্রমানিত। আরেকজন প্রমাণের সুযোগ খুঁজছেন। চট্টগ্রাম টেস্টের আগে দুজনের মিল এক জায়গাতেই। একজন ফেরার অপেক্ষায় আর আরেকজন নতুন শুরুর।

অপেক্ষাটা টিম টাইগার্সেরও। চার মাস আগে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় ফেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেবার নাহয় বিদেশ বিভুঁইয়ে তালগোল পাকিয়েছিলো পুরো দল। এবারতো নিজের মাঠে।

র‍্যাংকিংয়ে পিঠাপিঠা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অভিজ্ঞতায় বাংলাদেশই বরং এগিয়ে। এই আত্মবিশ্বাসই টাইগার ক্যাপ্টেনের রসদ।

ম্যাচের আগের বড় ভাবনায় উইকেটের চরিত্র। একাদশ সাঁজানোর পরিকল্পনায় অনুশীলনে তিক্ষ্ণ নজর কোচ স্টিভ রোডসের। উইকেট স্পিন সহায়ক না ব্যাটিং বান্ধব, সেই দুর্ভাবনায় না যেয়ে, উইন্ডিজ বঁধে মিরাজ-তাইজুলদের স্পিনে ভরসা সাকিবের।

অপরদিকে, দেড় মাসের ভারত সফরে টানা হারের ক্লান্তি মুছে ব-দ্বীপে ভালো কিছুর আশায় উইন্ডিজ। শেষ সময়ে নিয়মিত অধিনায়ক হোল্ডারের ইনজুরি আর হঠাৎ হেডকোচ স্টুয়ার্ট লয়ের পদত্যাগে দল কিছুটা ছন্নছারা। টাইগার স্পিনারদের সামলাতে বেগ পেতে হবে, আগে থেকেই জানেন উইন্ডিজ অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট বলেন,"বাংলাদেশের স্পিনাররা ভালো, আমাদের পেইসাররাও দারুন করছে। এই ধরনের কন্ডিশনে ওরা সুযোগ নিতে পারে, তবে আমরা আশাবাদি। ভারত সিরিজে যা হয়েছে সেটা অতীত। এই সিরিজে আমরা ভালো কিছু করতে চাই।"

জিম্বাবুয়ের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বোচ্চ দুটি জয় বাংলাদেশের। তবে ১৪ ম্যাচের ১০টিতেই হারতে হয়েছে বাজেভাবে।

এক এক এক, একশো এগারো। সংখ্যাটি ক্রিকেটে কখনও অপয়া কখনওবা সৌভাগ্যের। টেস্টের একশো এগারো নম্বর ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন দেখার বিষয়, এই স্পেশাল সংখ্যাটি, বাংলাদেশের টেস্ট ইতিহাসে কতটা স্পেশাল হয়ে ওঠে।

/এ এইচ/