প্রিমিয়ার লিগে কোন শিরোপা নেই। কর্পোরেট ক্লাবের ভিড়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। নতুন মৌসুমে আক্রমণাত্মক ফুটবলে চমক দেখাতে চান কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। স্কোরিং সমস্যা কাটাতে অনুশীলনে জোর দিচ্ছে দল, জানিয়েছেন অধিনায়ক অনিক আহমেদ।
ঢাকার ফুটবলের এক সময়ের বড় নাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তবে অর্থসংকট আর দক্ষ সংগঠকের অভাবে জৌলুস হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। গেলো বিপিএলে কোনোমতে এড়িয়েছে রেলিগেশন। নতুন মৌসুমে পুরোনো ভুলে ভালো শুরুর প্রত্যাশায় মুক্তিযোদ্ধা।
ফেডারেশন আর স্বাধীনতা কাপে গ্রুপ পর্বেই থামতে হয়েছিলো। বিপিএলে সেই হতাশা কাটাতে চায় ক্লাবটি। এই মৌসুমে দলে ভিড়িয়েছে মিডফিল্ডার অনিক আহমেদ ও শিহাবকে। আর বিদেশি রিক্রুটে চমক দেখাতে প্রস্তুত মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে ৩-৫-২ ফরমেশন পছন্দ কোচের। আক্রমণভাগে দলের বড় ভরসা স্বাধীনতা কাপের গোলস্কোরার জাপানিজ রিক্রুট ইউসুকে কাতো। তার সঙ্গে জুটি গড়বেন আইভোরি কোস্টের বালো ফারমোসা। মাঝমাঠে বল দখলের দায়িত্বে গিনির ইউনুসা কামারা, মারুফ ও জাহেদ। গোলবার সামলাতে কোচের আস্থা হিমেল।
ইনজুরি সমস্যা না থাকায় পূর্ণশক্তির দল পাচ্ছেন কোচ। চার বিদেশি রিক্রুটের সার্ভিস নিশ্চিত হওয়ায় ভারসাম্য ফিরেছে দলে। কাউন্টার অ্যাটাকে গোল আদায় দলের মূল কৌশল। স্কোরিং দুর্বলতা কাটাতে আক্রমণে বাড়তি নজর রাখছে দলটি।
শিরোপায় নজর নেই, তবে সেরা চার নিশ্চিত করতে চায় ঐতিহ্যবাহি দলটি।
/এইচ.এ/