এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল দেয়া হবে: নান্নু

বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে আর ক্রিকেটাদের নজরে রাখতে দ্রুতই প্রাথমিক দল ঘোষণা করতে চায় নির্বাচকেরা। এক সপ্তাহের মধ্যে দেয়া হবে ৩০ থেকে ৩৫ জনের প্রাথমিক স্কোয়াড। নির্বাচিত ক্রিকেটারদের প্রিমিয়ার লিগে ফর্ম ও ফিটনেসে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। এপ্রিলের মাঝামাঝিতে ক্যাম্প শুরু করে চলবে আয়ারল্যান্ড সিরিজের আগ পর্যন্ত।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন। টপ অর্ডারে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য। মিডল অর্ডারে সাব্বির-মিঠুন। পেইস অল-রাউন্ডার সাইফউদ্দীন। স্পিনার মিরাজের সাথে পেইস লাইন আপে মাশরফী, মুস্তাফিজ, রুবেল। বড় কোন ইনজুরি না আসলে বিশ্বকাপের দলে নামগুলো নিশ্চিত। বাকি দুই/তিনটি জায়গার জন্য লড়াই থাকবে তাসকিন, শফিউল, আরিফুল-অপুদের।

শুধু রূপরেখা চূড়ান্তই নয়, এখন থেকেই ক্রিকেটাদের ফর্ম, ফিটনেস মনিটরিং করতে চান নির্বাচকেরা। লম্বা আসরের কথা মাথায় রেখে ইনজুরির ব্যাক আপ রাখতে বিশ্বকাপের পরিকল্পনাতে রাখা হচ্ছে অনেককেই। নিউজিল্যান্ড সিরিজ শেষের আগেই প্রাথমিক স্কোয়াড দেবেন নির্বাচকেরা।

নিউজিল্যান্ড সফরে ওডিআইতে ভড়াডুবি হয়েছে। তাতে অবশ্য দু:শ্চিন্তা করছে না ম্যানেজমেন্ট। এপ্রিলের মাঝামাঝিতে মিরপুরে শুরু হবে বিশ্বকাপের ক্যাম্প। প্রিমিয়ার লিগ, আয়ারল্যান্ড সিরিজ মিলিয়ে ভাল প্রস্তুতির কথায় বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


ওয়ানডের মতো প্রথম টেস্টেও বড় হার। তবে তামিম-সৌম্য-মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে খুশি নির্বাচকেরা। বাকি দুই ম্যাচে প্রথম ইনিংসে ভাল করার তাগিদ নান্নুর।


/এমবি/