স্পেশাল অলিম্পিকে এ যাবৎ বাংলাদেশের সেরা সাফল্য এবারের আবুধাবির আসরে। ২২ স্বর্ণসহ মোট ৩৮টি পদক জিতেছে বাংলাদেশ। নানা প্রতিকূলতা জয় কোরে এমন সাফল্যে আনন্দিত অ্যাথলিট, কোচ ও অভিভাবকেরা। ভবিষ্যতে আরো সাফল্যের প্রত্যাশায় সরকার ও স্পন্সর প্রতিষ্ঠানদের এগিয়ে আসার আহ্বান তাদের।
মিমি এবং উর্মি। আবুধাবির স্পেশাল অলিম্পিকে ১৬০ দেশের সাত হাজার প্রতিযোগির সাথে লড়ে জিতেছেন স্বর্ণ। শুধু এই দুজনই নয়, বিভিন্ন ইভেন্টে এবারের স্পেশাল অলিম্পিকে এযাবৎকালের সর্বোচ্চ ২২টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এর সাথে রয়েছে ১০টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ।
অ্যাথলিটদের এমন সাফল্যে কোচের সন্তুষ্টি, শিষ্যদের স্বর্ণ জয়ের আনন্দ কোনো অংশেই কম নয় তাদেরও। আর নানা প্রতিকুলতা ডিঙিয়ে সমাজের তাচ্ছিল্য চোখ উপেক্ষা করে সন্তানদের বিজয়ে আবেগআপ্লুত তাদের বাবা-মা।
স্পেশাল অলিম্পিকে বেশ কয়েক বছর ধরেই অংশগ্রহন করছে বাংলাদেশ। নিয়মিত আসছে সাফল্য। তবে স্পন্সর জটিলতা আর অনুশীলনের পর্যাপ্ত জায়গার অভাব এখনও কাটেনি।
সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের এই সাফল্য বার্তা দিচ্ছে, আর সবার সাথে কাঁধে কাঁধ রেখে চলতে পারে তারা। ১৬ কোটির এই বাংলাদেশে তারা প্রকৃত অর্থেই স্পেশাল, মেধা-মনন আর বোধ-বুদ্ধিতে।