ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান ফাহাদ

পাঁচ গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপের সেরা হয়েছেন। ফাহাদ রহমানের সামনে চ্যালেঞ্জ বিশ্বকাপ। পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে সংশয়ে আছেন ১৬ বছরের এই বিস্ময় বালক। স্পন্সরশিপের পুরনো সমস্যা পিছু ছাড়েনি। এশিয়ান নয়, ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোতে খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান ফাহাদ।

দাবার ১৬ গুটি বাহন তাঁর। ৬৪ ঘরের মারপ্যাঁচ সামলে, ১৬ বছর বয়সেই ১০ আন্তর্জাতিক স্বর্ণ ফাহাদ রহমানের। সবশেষ শ্রেষ্ঠত্ব এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে। তার সূত্র ধরেই এবার ফাহাদের হাতে এসে গেছে দাবা বিশ্বকাপের টিকিট।

সবশেষ ছয় মাস ফাহাদের কোন কোচ নেই। অবলম্বন ছিল ওপেন সোর্স চেস ইঞ্জিন স্টকফিশ টেন। আসরে পাঁচ পাঁচজন গ্র্যান্ডমাস্টারের চ্যালেঞ্জ সামলানো সম্ভব হয়নি সফটওয়ারের সুনির্দিষ্ট সমীকরণে। সাফল্য এসেছে ইম্প্রোভাইজেশনে।
তবে বিশ্বকাপে হয়তো শুধু ইম্প্রোভাইজেশনে পার পাওয়া যাবেনা। সাফল্যের জন্য ভালো প্রস্তুতির বিকল্প দেখছেন না দাবার বিস্ময় বালক, অপেক্ষা এখন কোচ ইগর রাউসিসের জন্য।

বিশ্বকাপের আগে ফাহাদের সামনে যে প্রস্তুতির সুযোগ, সে তিনটি টুর্নামেন্টই এশিয়ান পর্যায়ে। বিশ্বকাপের আগে ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোতে খেলে প্রস্তুতি সেরে নিতে চান ফাহাদ।

৯ সেপ্টেম্বর রাশিয়াতে শুরু বিশ্বকাপ। সিঙ্গেল এলিমিনেশন পদ্ধতির টুর্নামেন্টে অংশ নেবেন ফাহাদ রহমান ও শারমিন সুলতানা শিরিন।


/এমবি/