বিদেশি কোচিং স্টাফ ছাড়াই চালু হলো বাফুফে ও ফরটিস ফুটবল একাডেমি। শিগগিরি যোগ দেবে বিদেশী কোচিং স্টাফ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘ মেয়াদী ও আবাসিক ক্যাম্পের সুযোগ পেয়ে বড় স্বপ্ন দেখছে ক্ষুদে ফুটবলাররা। প্রতিনিধিত্ব করতে চায় তারা জাতীয় দলের হয়ে।
বাফুফের নিজস্ব একাডেমির অভাবে নতুন প্রতিভা বের না হয়ে আসার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। ফরটিস গ্রাউন্ডে শুরু হলো একাডেমির কার্যক্রম। বয়সভিত্তিক নতুন একাডেমিতে যোগ দিয়েছেন ৬০ ফুটবলার।
দীর্ঘ মেয়াদী এই ক্যাম্পে শুরুতে অনূর্ধ্ব-১৫ দলের ৩২ জন এবং অনূর্ধ্ব-১৮ দলে ২৮ ফুটবলার।
শুরুতে বিদেশি কোচিং স্টাফের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বাফুফে। আপাতত দেশি কোচদের অধীনে চলবে প্রশিক্ষণ।
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বলেন, আমরা বিদেশি কোচের সাথে চুক্তি করে ফেলেছি। আশা করছি খুব দ্রুত একাডেমিতে তাদের দেখা যাবে। তবে দেশি কোচদের ওপর আমার আস্থা আছে। এখানে দেশি-বিদেশির সমন্বয়ে কোচিং স্টাফ থাকবে।
একাডেমিতে গোলকিপিংসহ রয়েছে ৭ দেশি কোচ। উঠতি ও সম্ভাবনাময় ফুটবলারদের নিয়ে আশাবাদি তারা।
একাডেমিতে সুযোগ পেয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। আধুনিক ও উন্নত প্রশিক্ষণ পেয়ে হতে চান বড় তারকা।
এর আগে সিলেট মিশন ব্যর্থ হয়েছে। এবার বেরাইদে নতুন একাডেমি কি পারবে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে।
/এম-আই/