পল্টন ময়দানে শুরু হয়েছে তিনদিন ব্যাপী লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন খেলোয়াড়েরা। উদ্বোধনী দিনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা ও লাঠি খেলায় মুখোরিত ছিল পল্টন ময়দান।
৯ বছরের মেহনাজের লাঠির কারিশমা যেন দৃষ্টি কেড়ে নিচ্ছিল বারবার। নড়াইলের এই ক্ষুদে লাঠিয়াল মন কেড়েছে। শুধু শিশু মেহনাজ, তন্বী কিংবা মাঝবয়সী শাহিনা সুলতানাই নয়, পল্টন ময়দান ভরে উঠেছিল এক ঝাক লাঠিয়াল ও বলি দিয়ে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ও কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিনদিনের এই লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে মেতে ছিল পল্টন ময়দান। এমন অনেককেই পাওয়া গেছে যাদের প্রথম পারফরমেন্স এই রাজধানীতে।
কুষ্টিয়া, নড়াইল, টাঙ্গাইল, রাজবাড়ির লাঠিয়ালবাহিনী আর মঞ্চে ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজারের বলিরা। কাঠখোট্টা শহরে হুট করে এমন আয়োজন নস্টালজিক করে দিয়েছে কর্মকর্তাদেরও।
দ্বিতীয় দিনে থাকবে বৌছি, কুস্তি, হাডুডু ও দাড়িয়াবান্ধা। সন্ধ্যায় থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
/এম-আই/