বিশ্বকাপ ক্রিকেটে শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে, জয় ছাড়া কিছু ভাবার উপায় নেই বাংলাদেশের। জয়ের ধারায় ফেরার লক্ষ্যে, উইন্ডিজের বিপক্ষে আসতে পারে পরিবর্তন। তবে সবচেয়ে বড় প্রয়োজন ছন্দে ফেরা। তামিম, মাশরাফিরা নিজেদের সেরা ছন্দে ফিরতে পারলে, যে কোনো দলকেই হারানো সম্ভব, বলছেন বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশের এবারের বিশ্বকাপ যেন সাসপেন্সে মোড়ানো। দারুন এক জয় দিয়ে শুরুর পর, টানা ২ হার। এরপর বৃষ্টির হানায় শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগি। আপাত অবস্থান নড়বড়ে হলেও, শক্তভাবে ফিরে আসা সম্ভব টাইগারদের পক্ষে। ক্রিকেট বিশ্বের কাছে এ ফিরে আসা নাটকীয় মনে হতে পারে। তবে সমর্থকদের আস্থা আছে টাইগার সামর্থ্যে। অপেক্ষা কেবল টিম বাংলাদেশের একসাথে জ্বলে ওঠার।
প্রথম তিন ম্যাচে একই একাদশের উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তবে উইন্ডিজের বিপক্ষে পরিবর্তন অনুমিত। হার্ড হিটারে ভরা ক্যারিবীয় স্কোয়াডের দুর্বলতা স্পিনে। তবে খুব বেশি স্পিন বৈচিত্র্য নেই টাইগার শিবিরে। বোলিংয়ের সঙ্গিন অবস্থা দূর করতে, গভীরতা বাড়ানোর বিকল্প নেই।
মিডল অর্ডারে মিঠুনের জায়গায় পরিবর্তন আসতে পারে। পজিশন ঠিক রাখতে চাইলে, মিঠুনের বদলে খেলবেন সাব্বির। আবার ইনফর্ম লিটনও সুযোগ পেতে পারেন। সুযোগ দেয়া হতে পারে রুবেলকেও।
এই বিশ্বকাপে বড় বাধা বৃষ্টি। এব্যাপারে আইসিসিকে আরো সজাগ হওয়ার আহবান ক্রিকেট বিশ্লেষকদের। পরবর্তী আয়োজনে রিজার্ভ ডে রাখার তাগিদ দিয়েছেন তারা।
/এইচ.এ/