বিপিএল ফুটবলে প্রথম হারের স্বাদ পেলো বসুন্ধরা কিংস

বিপিএল ফুটবলে আসরের প্রথম হারের স্বাদ পেলো বসুন্ধরা কিংস। যে ম্যাচটি জিতলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের সুযোগ ছিল, সেই ম্যাচে শেখ রাসেলের কাছে ১-০ গোলে হেরেছে লিগ টপাররা। তিন পয়েন্ট পেয়ে নিজেদের তিন নম্বর অবস্থান আরো শক্ত করল শেখ রাসেল।

প্রতিপক্ষের হোম ভেন্যু। কিন্তু গ্যালারী দেখে বোঝার উপায় নেই, যতজন দর্শক ছিল তাদের প্রায় প্রত্যেকের গায়েই বসুন্ধরার জার্সি।

একটি জয় পেলেই প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হত বসুন্ধরার। সেই লক্ষ্যেই রাসেলের বিপক্ষে নেমেছিল অস্কার ব্রোজনের শিষ্যরা। কিন্তু মাঠের খেলায় সেটার ছিটেফোটাও ছিল না। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণের ধার রাসেলের আর সুযোগ মিসের মহড়া বসুন্ধরারর। দুর্দান্ত ফর্মে থাকা কলিন্দ্রেসের দলের ব্যর্থতায় গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

বসুন্ধরা স্ট্রাইকারদের ব্যর্থতার প্রভাব পড়েছিল রক্ষণভাগেও। সেই সুযোগটাই নিয়েছে শেখ রাসেল। ৫২ মিনিটে রাসেল ফরোয়ার্ড আজিজভ আলিশেরের গোল ঠেকাতে পারেননি বসুন্ধরা গোলকিপার। লিড পায় স্বাগতিকরা।..

সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ আসে বসুন্ধরার। কিন্তু কখনও গোলকিপার, কখনও গোল পোস্ট বাদা হয়ে দাড়ায় তাদের সাফল্যে। আশা জাগিয়েও হেরে বসে তারা। ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বসুন্ধরা, আর সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রাসেল।

পরের ম্যাচে নীলফামারীতের মোহামেডানের বিপক্ষে জিতলে শিরোপা নিশ্চিত হবে কিংসের।


//এম-এম//