ঈদের পরে টাইগার হেডকোচের সাক্ষাৎকার দিতে আসছেন হেসন

টাইগার হেডকোচের সাক্ষাৎকার দিতে দু-একদিনের মধ্যে আসার কথা ছিল মাইক হেসনের। তবে ঈদের আগে আসছেন না। ১৮ আগস্ট ক্যাম্প শুরুর আগে নেয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ডোমিঙ্গোর পর ই-মেইলে নেয়া হয়েছে সাবেক কোচ হাথুরুসিংহার সাক্ষাৎকার।

বিশ্বকাপের ব্যর্থতার পর কোচিং স্টাফে রদবদল এনেছে বিসিবি। স্টিভ রোডসের বিদায়ে নতুন হেড কোচ খুজছে ম্যানেজমেন্ট। আফগানিস্তান সিরিজের আগেই হেড কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি। শর্টলিস্টে থাকা রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকারে সন্তুষ্ট ক্রিকেট বোর্ড। তবে গুঞ্জন আছে রাসেলের চেয়ে মাইক হেসনকে নিয়ে আগ্রহী বিসিবি সভাপতি এবং বেশকজন বোর্ড পরিচালক।

তড়িঘড়ি থাকলেও ঈদের আগে হেসনের সাক্ষাৎকার হচ্ছে না। বিসিবি জানিয়েছে ১৩ আগস্টের পর আসবেন নিউজিল্যান্ডের সাবেক কোচ। বনিবনা ঠিক থাকলে, হেসন হতে পারেন নতুন টাইগার হেড কোচ। বিসিবির চাওয়া আর আইপিএলের দল কিংস ইলিভেন পাঞ্জাব থেকে হেসনের পদত্যাগ, সেই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে।

শুধু বিসিবিই নয় হেসনের দিকে নজর রয়েছে ভারত-পাকিস্তানেরও। ভারতের হেড কোচের শর্টলিস্টে আছেন হেসন। বাকি দুজন হচ্ছেন বর্তমান কোচ রবি শাস্ত্রী ও অস্ট্রেলিয়ার টম মুডি। তবে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীকে রাখার সম্ভাবনাই বেশি।

ভারতের কোচ না হলেও হেসনের জন্য আরেকটি অপশন থাকছে পাকিস্তান। মিকি আর্থার পর্ব শেষে পিসিবিও সন্ধানে আছে নতুন কোচের। নিউজিল্যান্ডের সাবেক এই কোচকে সারফরাজদের দায়িত্ব দিতে চায় ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে দায়িত্ব হারিয়েছেন চান্ডিকা হাতুরুসিংহা। চুক্তি নবায়ন করেনি এসএলসি, হন্য হয়ে খুজছে নতুন কোচ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো শ্রীলঙ্কাও হেসনকে নেয়ার রেসে টিকে আছে।