বিশ্বের সেরা কোচেরও মেধা-রণকৌশল অর্থহীন হয়ে যায়, যদি খেলোয়াড়েরা পারফর্ম করতে ব্যর্থ হন। সতীর্থদের তাই নিজ কাজ ঠিকঠাক করার আহ্বান জানিয়েছেন মুমিনুল হক। টেস্ট ফরম্যাটে অভ্যস্ত হতে মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ভালো খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে চান মুমিনুল।
কন্ডিশনিং ক্যাম্প প্রথম পর্বের শেষদিন, কাগজে কলমে প্রথম ডমিঙ্গো-ল্যাঙ্গেভেল্ট জুটির। ২২ গজে প্রথম ধাপে তৎপরতা ল্যাঙ্গেভেল্টেরই বেশি, ডমিঙ্গোর ভূমিকা পর্যবেক্ষকের। নির্ধারিত সূচিতে না থাকলেও, স্কিল পর্বেই বেশি সময় দিয়েছে নতুন কোচিং স্টাফ। খুটিয়ে খুঁটিয়ে পেইস অ্যাটাকের প্রায় সবার অ্যাকশন দেখলেন ল্যাঙ্গেভেল্ট, সবচেয়ে বেশি সময় দিলেন তাসকিন আহমেদকে।
খুব বেশি পরিবর্তনের চাপ নেই হয়তো, তবে উন্নতির জন্য তাগিদটা জোরাল। মুশফিক-মুমিনুলরাও মানছেন, নতুন কোচিং স্টাফের মিশন সহজ হয়ে যাবে, যদি ক্রিকেটাররা তাঁদের কাজটা করেন ঠিকঠাক।
সবশেষ টেস্ট খেলার পর পেরিয়ে গেছে বছরের প্রায় অর্ধেকটা। রঙ্গিন পোশাকে অভ্যস্ত হয়ে যাওয়া টাইগারদের সামনে চ্যালেঞ্জ নিজেদের ভাঙ্গার। অনভ্যস্ততা কাটাতে অনুশীলনের পাশাপাশি মনস্তাত্ত্বিক প্রস্তুতিতেও গুরুত্ব টাইগারদের।
সাদা পোশাকে প্রত্যাবর্তন চট্টগ্রামে, দীর্ঘমেয়াদে মুমিনুলদের চোখ দিল্লির ফিরোজ শাহ কোটলায়। লক্ষ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতির মঞ্চ পুরো কাজে লাগানোর। অভিজাতদের কাতারে নাম লেখাতে চায় টাইগাররা, অভিজাত ফরম্যাটে পারফর্ম করেই।
/এম-আই/