বিশ্বকাপ বাছাইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে ভারত বধের পরিকল্পনা অধিনায়ক জামাল ভুঁইয়ার। নিজ মাঠে ভারত বাড়তি চাপে থাকবে, সেই সুযোগ নিয়ে সঠিক পরিকল্পনায় বাজিমাতের চেষ্টা থাকবে লাল-সবুজের। অন্যদিকে মাস্টউইন ম্যাচে আক্রমণাত্মক ফুটবলে সাফল্য চায় স্বাগতিকেরা। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
৩৪ বছর পর কলকাতার সল্টলেকে ভারত-বাংলাদেশ ম্যাচ। আবারও বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ।
শক্তিমত্তা-র্যাংকিং বিচারে পরিস্কার ফেভারিট ভারত। ওদের মাঠে কঠিন পরীক্ষায় প্রস্তুত টিম বাংলাদেশ। সুনীল ছেত্রী-উদান্ত সিংদের আটকানোর পরিকল্পনা শিষ্যদের বুঝিয়ে দিয়েছেন জেমি ডে। কাতার ম্যাচের লড়াকু মানসিকতা ভারতের বিপক্ষেও দেখতে চান কোচ।
বাংলাদেশের হেডকোচ জেমি ডে বলেন, ভারত আক্রমণে জোর দেবে রক্ষণে কোন ভুল করা চলবে না। এত দর্শকের সামনে খেলবে ছেলেরা। দ্রুত গোল যেন হজম না করি সেটা মনে রাখতে হবে। রক্ষণ জমাট রাখতে হতে আর কোন সুযোগ এলে তা কাজে লাগাতে হবে।
রক্ষণে গুরুদায়িত্ব স্টপার ইয়াসিন খানের, বাড়তি চাপ থাকবে গোলকিপার আশরাফুল রানার ওপরে। বাংলাদেশ অধিনায়ক গুরুত্ব দিচ্ছেন মাঝমাঠের নিয়ন্ত্রণে।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, আমাদের ওপর কোনো চাপ নেই। চাপ ভারতের ওপর ওরা নিজেদের মাঠে খেলবে। এত দর্শকের সামনে খেলার সুযোগ কম পাওয়া যাবে। সতীর্থদের উপভোগ করতে বলেছি, ভারতের মতো দলের বিপক্ষে তিন পয়েন্ট পেলে সেটা হবে দারুন।
র্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে ভারত। কাতারকে রুখে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে ব্লু টাইগার্স। রক্ষণের বড় ভরসা সন্দেশ ঝিঙ্গান চোটের কারণে খেলতে পারছেন না। গোল মেশিন সুনীল ছেত্রী ফেরায় স্বস্তি ইগর স্টিমাচের। ৪-৩-৩ ছকে স্বাগতিক কোচের চাওয়া আক্রমণাত্মক ফুটবল।
/এম-আই/