দুর্দান্ত জয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু ব্রাজিলের

পাঁচ বারের চ্যাম্পিয়নের বিশ্বকাপ বাছাই মিশনে প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ তে উড়িয়ে দিয়ে দূর্দান্ত সূচনা করলো ব্রাজিল। দুই গোল করেছেন ফিরমিনো। নিজে গোল না পেলেও ৩টিতেই অবদান নেইমারের। এদিকে আরেক ম্যাচে কলম্বিয়ারও শুরুটা হয়েছে জয় দিয়েই। নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে হারিয়েছে ৩-০ গোলে। প্রথমার্ধেই এসেছে ম্যাচের সবকটি গোল।

ঘরের মাঠে ব্রাজিল কখনো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হারেনি। এমন রেকর্ড সঙ্গী করে সেলেসাওদের যে দলটি সাও পাওলোতে নামলো, তা সময়ের অন্যতম সেরা।

খেলার পরতে পরতে তার প্রমাণও মিললো। ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করা ব্রাজিল ১৬ মিনিটে ভাঙে মারকুনিয়োসের হেডে।

এরপর আর থামেনি তিতের দল। ঘরের মাঠে নেইমার, কুতিনিয়ো, ফিরমিনোদের জ্বলে এমন ওঠা প্রত্যাশিতই ছিল।

৩০ মিনিটে ফিরমিনোর গোলটির নেপথ্যে নেইমারের অসাধারণ প্লে-মেকার রোল। বিরতির পরই জোড়া পূর্ণ করেন ফিরমিনো সেখানেও নেইমারের অ্যাসিস্ট। গোল না পেলেও ম্যাচ জুড়ে উজ্জল ছিলেন নেইমার।

কুতিনিয়ো ঝলক বাকি ছিল। শেষভাগে তারও দেখা মিললো। দুরন্ত গতিতে ছুটে গিয়ে কুতিনিয়ো যে ক্রসটি নিলেন তা হেড করতে ভুল করেননি রদ্রিগো। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে চতুর্থ গোলটি হয় আত্মঘাতী। আর সবশেষ গোলটি কুতিনিয়ো নিজেই করেন উড়ন্ত হেডে। অ্যাসিস্টে আবারো নেইমার।

৫-০ গোলের জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা ব্রাজিলের পরবর্তী মিশন পেরু। মঙ্গলবার পেরুর মাঠে লড়বে সেলেসাওরা।

বাছাইপর্বের আরেক ম্যাচে বিশ্বকাপ প্রস্তুতির ঝলক দেখিয়েছে কলম্বিয়া। মাত্র ১৬ মিনিটে জাপাতার গোলে স্কোরবোর্ডে নাম তোলে কার্লোসের দল। এর নয় মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন লুইস।

প্রতিরোদের চেষ্টা চালালেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি ভেনেজুয়েলা। ২-০ স্কোরলাইন নিয়েই শেষ হতে পারতো প্রথমার্ধ তবে তা হতে দেননি লুইস। হাফ টাইমের কয়েক সেকেন্ড আগে জোড়া পূর্ণ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও আক্রমন অব্যাহত রাখে কলম্বিয়া, তবে আর কোনো গোল আসেনি। ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়েই শেষ হয় কলম্বিয়ার প্রথম ম্যাচ।


/এম-আই/