ইচ্ছেমতো বিদেশি লিগে খেলা নয়, শর্ত আসছে চুক্তিতে

টেস্টে উইন্ডিজ ধাক্কার পর শ্রীলঙ্কা না গিয়ে সাকিবের আইপিএলে খেলার সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কে কোন ফরম্যাটে খেলবে তা জানাতে হবে, বিদেশি লিগে খেলতে চুক্তিতে লিখিত দিতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

সোমবার বিকেলে নিউজিল্যান্ড সফরের বিষয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভবিষ্যত ভাবনায় ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী কমিটমেন্ট জরুরি, সে অনুযায়ী গাইডলাইন তৈরি করবে বোর্ড এমনটি জানিয়েছেন তিনি।

নাজমুল হাসান বলেছেন, ‘কে কোন ফরম্যাট খেলতে চায় বলতে হবে। জাতীয় দলে খেলবে নাকি ওখানে। চুক্তি সই করলে যেতে দেব না। কাগজে-কলমে লিখিত থাকবে। সাকিবকেও আমরা আটকাতে পারতাম। তাতে কী হতো! ভালো পারফরম্যান্স কী আমরা পেতাম। আগেও তো টেস্ট খেলতে চায়নি।’

টেস্ট খেলতে অনীহা সাকিব ছাড়াও অনেকেরই আছে। অনেকদিন ধরে চলা এ সমস্যার সমাধান চুক্তিপত্রের মাধ্যমেই করবে বিসিবি।
বাংলাদেশের মাত্র দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএলে নিয়মিত খেলেন। এবারও তারা দল পেয়েছেন। ভবিষ্যতের কথা ভেবে সবার জন্যই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দেবে বিসিবি।

মন থেকে না চাইলে যে শতভাগ পারফরম্যান্স সম্ভব নয় সেটি বুঝেছে বিসিবি। ২০২১ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করেনি বিসিবি। যারা থাকবেন তাদের চুক্তিপত্রে উল্লেখ করতে হবে জাতীয় দলের খেলার মাঝে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ আছে কিনা। থাকলে চুক্তিতে বাদ দেয়া হবে ওই ক্রিকেটারকে।কোনো সংস্করণে খেলতে না চাইলে বা আগ্রহ কম থাকলে সেটি জানাতে হবে কেন্দ্রীয় চুক্তির আগেই।

দফায় দফায় খেলোয়াড়-কোচ-নির্বাচক-পরিচালকদের সঙ্গে আলোচনার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ সিদ্ধান্ত জানান।

কাল দুপুরে নিউজিল্যান্ড সফরে রওনা হবে বাংলাদেশ দল। তার আগে আজ মিরপুরে বোর্ড সভাপতির সাথে ক্রিকেট অপারেশন্স কমিটি, নির্বাচকদের পাশপাশি আলাপ হয়েছে নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের।

এদিকে বিসিবিকে দেয়া ই-মেইলে সাকিব লিখেছেন, নিজের টেস্ট ক্যারিয়ার নিয়ে ভাবতে চান। অনানুষ্ঠানিক বৈঠকে পরিচালকদের সঙ্গে সে বিষয় আলাপ করেছেন বোর্ড প্রধান।

/কা.বি./