সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-১ গোলে হারালো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। এই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পল স্মলির শীষ্যরা।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ ছুটছেই। শ্রীলঙ্কা ও ভারতের পর এবার মালদ্বীপকেও হারালো বাংলাদেশের যুবারা। শুক্রবার ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। আর এক গোল রফিকুল ইসলামের।

ম্যাচের শুরু থকেই প্রতিপক্ষের সীমানায় নিজেদের আধিপত্য বজায় রেখে খেলেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর ১৯ মিনিটেই প্রথম উদযাপন করে লাল সবুুজ। বা প্রান্ত থেকে ইমরানের ক্রস মালদ্বীপ গোলরক্ষককে বাধাপ্রাপ্ত হলেও ফিরতি বলে মিরাজুলের ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ২২ মিনিটেই নিজের জোড়া পূরণ করেন মিরাজুুল। মালদ্বীপের গোলকিপার ও দুই ডিফেন্ডারের মাঝখান থেকে মিরাজের প্রথম শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি শট জালে জড়াতে ভুল করেননি তিনি।

ম্যাচের ৩৩ মিনিটে মিরাজুলের অ্যাসিস্টে রফিকুলের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। বিরতিতে যাওয়ার আগেই মালদ্বীপের জালে চতুর্থবার বল পাঠায় বাংলাদেশ। ৪২ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মিরাজুল।

বিরিতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে জাফরের গোলে ব্যবধান কমায় মালদ্বীপ। তবে এ ব্যবধান আর না কমায় টানা তৃতীয়বারের মতো জয় নিশ্চিত করে বাংলাদেশ।

তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে ন্যূনতম এক পয়েন্ট পেলেই ফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজ জার্সিধারীদের। তবে ৩১ জুলাই ভারত যদি নেপালের কাছে পয়েন্ট হারায় সেক্ষেত্রে আগেই ফাইনাল উঠে যাবে বাংলাদেশ।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেপাল। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ভারত। স্বাগতিকরা আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

আগামী ২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

/এম.এস/