টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো

লিওনেল মেসি, কি নেই তার শোকেসে। বিশ্বকাপ ছাড়া সবই জয় করেছেন ৭ বারের ব্যালন ডি'অর জয়ী। ক্যারিয়ারের সায়াহ্নে এসে সোনালী ট্রফিকে যখন পাখির চোখ করেছেন, তখন শুরুতেই হোঁচট খেলো বিশ্বকাপ স্বপ্ন। সৌদির কাছে হেরে, নক আউট পর্বের আগেই ডু অর ডাই সিচুয়েশনে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের জন্য। হারলে আসর থেকে বিদায়, ড্র করলেও থাকবে শঙ্কা।

তবে, কঠিন পরিস্থিতির মধ্যেও চাপ নিচ্ছে না আর্জেন্টিনা। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছে আলবিসেলেস্তে। অন্যদিকে বড় ম্যাচে সতর্ক মেক্সিকো। কোনো ভুল করার সুযোগ দেখছেন না দলটির হেডকোচ। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১টায়।

আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতেরো মার্তিনেজ বলেন, 'আমাদের জন্য ফাইনাল। মাস্ট উইন ম্যাচ। ইতিহাস আমাদের পক্ষে। মেক্সিকোর বিপক্ষে জয়ের উপর আমাদের ভবিষ্যত নির্ভর করছে। আমরা আগেও অনেক জিতেছি ওদের বিপক্ষে, এবারো তা করে দেখাবো। কোনো চাপ নেই। নিজেদের সামর্থ্যে আমাদের বিশ্বাস আছে।'

পরিসংখ্যানে যোজন যোজন পিছিয়ে মেক্সিকো। কিন্তু এই বিশ্বকাপে আপারহ্যান্ডে থেকেই আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। প্রথম ম্যাচ ড্র করায়, ১ পয়েন্ট রয়েছে মেক্সিকোর। দলটির ডিফেন্স লাইন মেসি, ডি মারিয়াদের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে গোলকিপার গিলেরমো ওচোয়া বিশ্বকাপের বড় তারকা। গেল ম্যাচেও ঠেকিয়ে দিয়েছেন লেভানডস্কির পেনাল্টি শট।

মেক্সিকোর হেডকোচ জেরার্ডো মার্টিনো জানান, 'বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়টি আর্জেন্টিনা দলে। ওদের ফুটবলরারা বড় বড় ক্লাবে খেলে। ওরা অল আউট অ্যাটাক করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। ৯০ মিনিটের খেলায় ৫ মিনিটেই দৃশ্যপট বদলে যেতে পারে। আশা করি, মেক্সিকোই জিতবে।'

অন্যদিকে, আজ আর রূপকথা লিখতে পারেনি সৌদি আরব। রবার্ট লেভাডফস্কির পোল্যান্ডের কাছে হেরেছে ২-০ গোলে। গ্রুপ ‘সি’–তে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রতে পোল্যান্ডের পয়েন্ট ৪। এক জয় ও এক হারে সৌদি আরবের পয়েন্ট ৩। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে মেক্সিকোর পয়েন্ট হবে পোল্যান্ডের সমান ৪।

সৌদি আরবের এই হারে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে। সে ম্যাচে জিততে না পারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মেসিরা । জিতলে টিকে থাকবে নকআউট রাউন্ডে যাওয়ার আশা।

/জে পি/