বঙ্গবন্ধু কাবাডিতে ইরাককে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। শনিবার (১৮ মার্চ) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল। এই ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৩টি লোনা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার।

এর ফলে গ্রুপের সব ম্যাচই জিতল বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ জয়ে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। আগের চার ম্যাচে বাংলাদেশ হারায় যথাক্রমে পোল্যান্ড, আর্জেন্টিনা, নেপাল এবং ইংল্যান্ডকে। অন্যদিকে, আর আগের তিন ম্যাচে ইরাক হারায় যথাক্রমে আর্জেন্টিনা, নেপাল ও পোল্যান্ডকে।

এক ম্যাচ হাতে রেখে আগের দিনই শুক্রবার (১৭ মার্চ) সবার আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। বাকি ছিল এ-গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া। আজ শনিবার ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে (৩টি লোনাসহ) হারিয়ে সেই কাজটিও করেছে স্বাগতিক বাংলাদেশ।

রাজধানীর পল্টনের শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল হাসান এবং রোমান হোসেন।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে তারা মাথায় চোট পেয়েছিলেন। তবে প্রথম চার ম্যাচে না পারলেও চোটমুক্ত হয়ে এদিন বাংলদেশ দলের হয়ে খেলতে নেমে ভরসা জোগান তারকা খেলোয়াড় আরদুজ্জামান মুন্সী।

দলের হয়ে প্রথম রেইড দিতে গিয়ে ধরা পড়েছিলেন (রিভিউ নিয়ে হেরে যান)। পরে অবশ্য দলের প্রয়োজনে বেশকটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছেন তিনি।

ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যেই প্রতিপক্ষ ইরাককে ‌‌অলআউট করে দেয় বাংলাদেশ। তখন ম্যাচের স্কোরলাইন (১০-১)।

এরপর একইভাবে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে সাজুরামের শিষ্যরা। মুন্সী ও মিজানুরের রেইড থেকে ঝটপট কিছু পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ।

ইরাকও চেষ্টা করে কিছু পয়েন্ট অর্জন করে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও ইরাককে অলআউট করে বাংলাদেশ। ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে খুব বেশি ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এই অর্ধে তারা অর্জন করে মাত্র ২১ পয়েন্ট। অন্যদিকে, ইরাক আদায় করে নেয় ২০ পয়েন্ট।

শেষের দিকে তারা টানা কয়েকটি পয়েন্ট অর্জন করে। তবে তারপরও বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারেনি।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদারের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক শেলটেক সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ তমাল। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে সম্মাননা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা হাবিবুর রহমান।

/ই.হ/