আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা মাসের শেষে

চলতি মাসের শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অধিনায়ক সাকিব চোটে থাকায় দলে বাড়তি স্পিনার নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক।

এক টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী ১০ জুন ঢাকায় আসছে আফগানরা। সিরিজের একমাত্র টেস্টটি হবে ১৪ জুন মিরপুরে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সাদা পোশাকে আফগান চ্যালেঞ্জের কথা বিবেচনায় রেখে সেরা দল দেয়া হবে।’

টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হবে টাইগারদের। আঙ্গুলের চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে আছেন সাকিব। টেস্টে তাকে না পাওয়া টিম কম্বিনেশনে বড় প্রভাব ফেলতে পারে। হোম কন্ডিশন বিবেচনায় আফগান সিরিজের দল দিতে চায় বিসিবি।

২০১৯ সালে সাগরিকায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের লজ্জায় পড়তে হয়েছিল বাংলাদেশকে। তবে সবশেষ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ও ভারতের বিপক্ষে দলের লড়াকু পারফরম্যান্স, আশাবাদী করছে প্রধান নির্বাচককে।

বিশ্বকাপ ভাবনায় ২৪ জনের পুল প্রস্তুত রেখেছে বিসিবি। ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও তিন ফরম্যাট বিবেচনায় সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট।

আফগানদের এ সফর হবে দুই ধাপে। একমাত্র টেস্ট শেষ করে ১৯ জুন তারা যাবে ভারতে। এরপর বাংলাদেশে ফিরবে ১ জুলাই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে ৫ জুলাই। একই স্টেডিয়ামে ৮ জুলাই দ্বিতীয় ও ১১ জুলাই হবে তৃতীয় ওয়ানডে।

এরপর ১২ জুলাই দুদলই যাবে সিলেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।