জোড়া অর্ধশতকে ৩৭০ রানে এগিয়ে দিন শেষ করল বাংলাদেশ

প্রথম ইনিংসে করেছেন ১৪৬ রান। দেখিয়েছেন নিজের ব্যাটিং প্রতিভা। দ্বিতীয় ইনিংসেও ঝলক দেখালেন নাজমুল হোসেন শান্ত। এবার পেলেন অর্ধশতক। রইলেন অপরাজিত। তিনি ছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার জাকির হোসেন। দুজনের অবদানে ৩৭০ রানে এগিয়ে থেকে বৃহস্পতিবার (১৫ জুন) দ্বিতীয় দিন শেষ করল লিটনরা। ১ উইকেটে করল ১৩১ রান, হাতে আছে ৯ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেননি মাহমুদুল হাসান জয়। ১৭ রানে আউট হয়েছেন আমির হামজার বলে। তবে দ্বিতীয় ইনিংসে এই একটি উইকেটই পড়েছে বাংলাদেশের। ৫৪ রানে অপরাজিত ছিলেন জাকির ও শান্ত। মজার ব্যাপার হচ্ছে, দুজনেই খেলেছেন ৬৪ বল।

এর আগে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতেই অলআউট হয় লিটনরা। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৮২ রানে। তবে এরপর আফগানদেরও দাঁড়াতে দেননি বাংলাদেশের বোলারেরা। মাত্র ১৪৬ রান করতেই থেমে গেছে আফগানিস্তানের ইনিংস। ফলো-অনে ফেলার সুযোগ থাকলেও সে পথে হাঁটেন নি লিটন।

আফগানিস্তানকে এত অল্প রানে বেধে ফেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান টাইগার পেসার ইবাদত হোসেনের। তিনি একাই নিয়েছেন ৪টি উইকেট। ২ টি করে উইকেট নিয়েছেন শরীফুল, তাইজুল ও মেহেদী হাসান মিরাজ। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন উইকেটরক্ষক ব্যাটার আফসার জাজাই।

এর আগে বুধবার (১৪ জুন) বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকান বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।