সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে কম্বোডিয়াকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে বেঙ্গালুরুতে জামাল ভূঁইয়ার দল, সাফ মিশনে শুরুতেই সবচেয়ে কঠিন পরীক্ষা। ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচ বিকাল ৪টায়।
আসরের অতিথি দল লেবানন ফিফা র্যাংকিংয়ের ৯৯ নম্বরে। তারপরও পয়েন্টে চোখ রেখেই মাঠে নামবে বেঙ্গল টাইগার্স। মাঠের লড়াইয়ে সর্বোচ্চ দিতে চায় লাল-সবুজ।
বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, শক্তি-সামর্থ্য সব দিক থেকেই এগিয়ে লেবানন। কিন্তু, আমরা সর্বোচ্চ দিতে চাই। টার্ফে প্রস্তুতি সারলেও কাল ঘাসের মাঠে খেলা, যেখানে একটা ঘাটতি থেকেই যায়। তবে, সেসব নিয়ে চিন্তা করছি না।
কোচ কিছুটা রক্ষনাত্মক হলেও বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া আগ্রাসী। লেবাননকে হারাতে চায় সে। হয়তো অধিনায়ক বলেই তার বাড়তি আত্মবিশ্বাস। সে যাই হোক, সাফে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে যে পয়েন্ট বের করতে হবে তা মানছেন কাপ্তান নিজেই।
অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, 'প্রথমত আমরা জিততে চাই। আমরা চাই কমপক্ষে এক পয়েন্ট যেন নিতে পারি। আমরা জানি এটা অনেক কঠিন ম্যাচ আমাদের জন্য। কারণ লেবানন অনেক শক্তিশালী দল।'
অন্যদিকে, জামাল-তারিকদের শক্ত প্রতিপক্ষ ভেবেই মোকাবিলা করতে প্রস্তুত লেবানন। অভিজ্ঞ অধিনায়ক ও দলের সর্বোচ্চ গোলদাতা হাসান মাতাকের সাথে মিডফিল্ডে নাদের মাতাক ও গোলপোস্টে মেহেদী খলিল বড় ভরসা সার্বিয়ান কোচ আলেকজান্দারের।
লেবানন কোচ আলেকজান্দার লিচ বলেন, এই পরিবেশে কিংবা সাফে খেলার অভিজ্ঞতা নেই। যদিও বাংলাদেশের সঙ্গে লেবাননের খেলা হয়েছে। সেটা ইতিহাস। আমরা জানি, সেদিন হেরেছিল লেবানন। এ কারণে এবার সাফে খেলা হবে অন্যমাত্রায়।
২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননকে হারিয়েছিল বাংলাদেশ। একযুগ পর সেই দলটির চেয়ে বহুগুনে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ১৯২ র্যাংকিং নিয়ে পেছনের সারিতে অবস্থান।