নিলামে তোলা হচ্ছে ধোনির বিশ্বকাপ জেতা ছক্কার ছোঁয়া পাওয়া সিট

২০১১ বিশ্বকাপে ফাইনাল জেতানোর পথে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সে ছক্কা গ্যালারির যে অংশে পড়েছিল, সেখানে দুটি সিট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।

২০১১ বিশ্বকাপ ফাইনালে নুয়ান কুলাসেকারাকে ছক্কা মেরে গ্যালারিতে আছড়ে ফেলে ভারতকে আনন্দে উন্মাতাল করেছিলেন অধিনায়ক ধোনি। যেখানে বলটা পড়েছিল, সেগুলো এখন ‘২০১১ বিশ্বকাপ স্মরণিকা সিট’ নামে পরিচিত।    

এমসিএ-র ওয়েবসাইটে বলা হয়েছে, ‘২০১১ বিশ্বকাপ জয়ের স্মরণিকা স্ট্যান্ড (২ সিট) নিলামে উঠছে।’

২০১১ সালের ২ এপ্রিল লং অন সীমানার দিকের গ্যালারিতে বল আছড়ে ফেলেছেন ধোনি। সেখানকার পাঁচটি সিট আলাদা করা আছে। গত এপ্রিলে প্রথম খবর আসে, এমসিএ ছক্কার সে জায়গাটিকে স্মরণিকা বানানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এমসিএ সভাপতি অমল কালে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘কোনো স্মরণিকা বানানো হবে না, তবে এই জায়গার সিটগুলো বিশেষভাবে ডিজাইন করা হবে এবং সেগুলোর নাম হবে এমএস ধোনির নামে।’

পাঁচটি সাধারণ সিটের বদলে সেখানে আরামদায়ক দুটি সোফা বসানোর পরিকল্পনা করা হয়েছে। কালে বলেছেন, ‘আমরা সেগুলো চড়া দামে বিক্রি করব। ১০ দিনের মধ্যে নিলাম হবে। আমরা আগ্রহীদের নাম নিচ্ছি এবং এরপর মানুষ এই আসনগুলোর জন্য দর দিতে পারবেন।’

এই দুই ধোনি সিট ছাড়াও বিশেষ মূল্যে আরও কিছু সিট বিক্রি করবে এমসিএ। ২০২৩ বিশ্বকাপে পাঁচটি ম্যাচ হবে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে। এর মধ্যে শচীন টেন্ডুলকার স্ট্যান্ডের ৩০০ সিট ৩ কোটি রুপিতে বিক্রি করা হবে। আর সাতটি বক্সের ১৪০ সিট বিক্রি হবে ২ কোটি ৬৬ লাখ রুপিতে।