২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভাসের সেই স্পেল মনে করালেন সিরাজ

২০০৩ সালে শ্রীলঙ্কা যথেষ্ট সমীহ জাগানিয়া প্রতিপক্ষ ছিল বাংলাদেশের জন্য। সেদিন আশরাফুলরা হয়তো ধরেই নিয়েছিলেন, ভাস-মুরালিদের বিপক্ষে বেশ কঠিন সময় অপেক্ষা করছে। তাই বলে এতটা কঠিন, কোনো দুঃস্বপ্নেও ভাবেননি হয়তো! 

১৬ বলের মধ্যে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তছনছ করে দিয়েছিলেন চামিন্দা ভাস। আজ সেই স্মৃতি মনে করিয়ে দিলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। প্রতিপক্ষ? শ্রীলঙ্কা! দুই দশক আগে বাংলাদেশকে দেওয়া যন্ত্রণা আজ ভালোই বুঝছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০ রান করেছে শ্রীলঙ্কা। স্কোরকার্ড দেখে চোখ কচলানোর প্রয়োজন হতে পারে, তবে এটাই সত্যি!

আর শ্রীলঙ্কার এই অবিশ্বাস্য ব্যাটিং-ধস সম্ভব হয়েছে সিরাজের তোপে। একটা বাদে বাকি ছয় উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার, যার প্রথম ৫টা ১৬ বলের মধ্যে। এত কম বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি শুধু চামিন্দা ভাসেরই ছিল, বাংলাদেশের বিপক্ষে ২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচে!

এশিয়ার কাপের ইতিহাসে সেরা বোলিং ফিগার এখন সিরাজের। এ পর্যন্ত মাত্র ১৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। বাকি দুই উইকেট ভাগাভাগি করে নিয়েছেন যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া।