বিপিএল ড্রাফট

সবচেয়ে বেশি খরচ কুমিল্লার, সবচেয়ে কম চট্টগ্রামের

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ হয়ে গেছে। তার আগে অবশ্য ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেখানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, রশিদ খান, নাসিম শাহ, মঈন আলীসহ তারকা অনেক খেলোয়াড়ের সঙ্গেই চুক্তি করেছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল গড়া কুমিল্লা ভিক্টোরিয়ানস।

কিন্তু সে হিসাব বাইরে রেখে শুধু প্লেয়ার্স ড্রাফটের হিসাব করলে সেখানেও সবচেয়ে বেশি খরুচে দল কুমিল্লাই। আর খরচ সবচেয়ে কম করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  

দেশি ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে ড্রাফটে মোট ৩ কোটি ২৯ লাখ টাকা খরচ করেছে লিটন দাসের  কুমিল্লা। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১২ লাখ টাকা খরচ করেছে খুলনা টাইগার্স। তালিকার তিন নম্বরে থাকছে ফরচুন বরিশাল, তারা খরচ করেছে ২ কোটি ৯৬ লাখ টাকা।

অন্যদিকে সবচেয়ে কম খরচ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ১ কোটি ৭০ লাখ টাকা। তাদের বাইরে ২ কোটির নিচে খরচ করা দল আর নেই। ২ কোটি ১১ লাখ টাকা খরচ করেছে আরেকবার নামের বদল দেখা ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা।

ড্রাফট থেকে দেশি খেলোয়াড়ের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে ফরচুন বরিশাল – ২ কোটি ৩০ লাখ। দেশি খেলোয়াড়ের পেছনে ২ কোটির বেশি খরচ করেছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি - মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। তাদের মোট খরচ ২ কোটি ৬৫ লাখ (চতুর্থ সর্বোচ্চ), এর মধ্যে ২ কোটি ১০ লাখ গেছে দেশি খেলোয়াড়ের পেছনে।

বিদেশি খেলোয়াড়ের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লাই – ১ কোটি ৫৪ লাখ। বিদেশিদের পেছনে ১ কোটির বেশি খরচ আছে আর শুধু খুলনা টাইগার্সের (১ কোটি ৩২ লাখ)।

বিদেশি খেলোয়াড়ের সংখ্যায়ও অনেক এগিয়ে কুমিল্লা, তারা ড্রাফট থেকে মোট ১৩ বিদেশিকে দলে নিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ জন করে বিদেশি টেনেছে রংপুর রাইডার্স  ও ফরচুন বরিশাল। ড্রাফট থেকে সবচেয়ে কম বিদেশি টেনেছে দুর্দান্ত ঢাকা – ৫ জন।